চারদিন পর ফিরলো এমএফএস লেনদেনের বাধা

চারদিন পর ফিরলো এমএফএস লেনদেনের বাধা
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২৪  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চার দিনের জন্য সীমিত করা হয়েছিল। ফলে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। এতে টাকা পাঠাতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন। 

১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি রবিবার রাতে এমএমএস ও অনলাইন লেনদেন সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই সময়ে ব্যক্তি পর্যায়ে পিয়ার-টু-পিয়ার (পি-টু-পি) লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা এবং দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টিতে সীমিত করা হয়েছিল। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেনে কোনো বাধা ছিল না। এছাড়া এমএফএসের মাধ্যমে অন্যান্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ ছিল।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়া নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি (ক্লোজ মনিটরিং) চালানো হয়। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। এ সময় পি-টু-পি ইন্টারনেট (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ রাখা৷ হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে। সেই নির্দেশনা মেনে ১৩ ফেব্রুয়ারি সকাল থেকেই এমএফএস এজেন্টগুলো চালু হয়েছে।

ডিবিটেক/জেএনইউ/ইকে