৩ হাজার প্রতিযোগীকে হারিয়ে সেরা হলেন উদ্যোক্তাদের ৯ সন্তান
নগদ ইসলামিক-এর তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ
- প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী ৯ জন।
- বনানী শেরাটনে চূড়ান্ত পর্বে পুরস্কৃত ৩০ জন ফাইনালিস্ট।
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পেলেন প্রাইজমানি।
২ আগস্ট, রবিবার: নগদ ইসলামিক-এর উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে আসা মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে তারা চূড়ান্ত বিজয়ী হিসেবে সেরা স্থান অর্জন করেন।
ঢাকার হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৮ জুলাই, মঙ্গলবার গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হয়। নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নগদ লিমিটেড এই উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিওরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, আলহাজ্ব মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ এবং নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী।
প্রতিযোগিতার তিনটি বিভাগের বিজয়ীরা হলেন:
-
ক বিভাগ: ১ম নুসাইবা (ঢাকা উত্তর), ২য় হুমাইরা জান্নাত গুলফাম (ময়মনসিংহ), ৩য় মো. সালমান আর. রহমান (সিলেট)।
-
খ বিভাগ: ১ম মোহাম্মদ খালিদ তালুকদার (বরিশাল), ২য় মরিয়ম আক্তার (সিলেট), ৩য় মো. আবু রাইয়ান প্রধান (রংপুর)।
-
গ বিভাগ: ১ম আবিদুর রহমান ইয়াসিন (ময়মনসিংহ), ২য় রিয়ামুল ইসলাম (কুমিল্লা), ৩য় মোহাম্মদ জামিলুস সিয়াম (খুলনা)।
বিভাগভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৫০,০০১ টাকা, ৩০,০০১ টাকা এবং ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন ফাইনালিস্টের প্রত্যেকে ১০,০০০ টাকা করে সম্মাননা পান এবং অন্য ৬০ জন আঞ্চলিক বিজয়ী বিশেষ সনদ লাভ করেন।
আয়োজনের বিষয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ ইসলামিক এমন একটি আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজন ইসলামী সংস্কৃতির পাশাপাশি নগদের বিশাল পরিবারের মধ্যে একটি মেলবন্ধনও করেছে। তিনি জানান, মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে ভবিষ্যতে নগদের টেরিটরি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদূল ইসলাম বারাকাতী বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো এবং তাদের সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।”
//ডিবিটেক/ এলএমএলএস/ এসএমআই//





