তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রামের জীবনযাত্রা আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
- ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে তিন দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে দেশের ৫২০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে
- প্রশিক্ষণ শেষে প্রতিটি শিক্ষার্থীকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক ভাতা প্রদান করা হবে
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত 'তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর ও গ্রামের জীবনযাত্রার আধুনিকীকরণ' প্রকল্পের আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
১৮ জুলাই, শনিবার সকাল ৯টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার।
বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রশিক্ষণে প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘণ্টা ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদের মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে। পর্যায়ক্রমে উপজেলার কাঁঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরীরমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, কে বি কে মাধ্যমিক বিদ্যালয়সহ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় শিক্ষার্থীদের এই সুযোগের সঠিক ব্যবহারের আহ্বান জানান প্রধানশিক্ষক লিয়াকত আলী জমাদ্দার।
//ডিবিটেক/ টিএনও/এমএসআই//





