স্বরাষ্ট্রের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস-এর সন্ধান না পাওয়ায় তাকে আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির-এর একক বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর […] The post স্বরাষ্ট্রের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস-এর সন্ধান না পাওয়ায় তাকে আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির-এর একক বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মামুনুর রশিদ।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ধনঞ্জয় কুমার দাস-এর বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তবে তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পায়নি। এ কারণে তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছে।
আসামিকে আদালতে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়। মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন। একই দিন তাদের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞে উচ্চপদস্থ দায়িত্ব পালনকারী এই দুই কর্মকর্তা উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
The post স্বরাষ্ট্রের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





