কথোপকথনেই হবে এমএসএমই পণ্য অর্ডার

প্রিয়শপে চালু হলো এআই বাংলা ভয়েস অর্ডারিং

  • এমএসএমই খাতে প্রথম এআই বাংলা ভয়েস অর্ডারিং
  • আঞ্চলিক কথ্য ভাষায় এসকেইউ ও পরিমাণ শনাক্ত
  • ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর ডিজিটাল রূপান্তর সহজ

প্রিয়শপে চালু হলো এআই বাংলা ভয়েস অর্ডারিং
৪ অক্টোবর, ২০২৬ ১৪:১৪  

স্থানীয় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তির মেলবন্ধনে দেশের রিটেইল সাপ্লাই চেইনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে প্রিয়শপ। দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) খাতের প্রায় ৫০ লাখ খুচরা বিক্রেতার কথা বিবেচনায় নিয়ে নিজস্ব প্ল্যাটফর্মে সম্পূর্ণ বাংলা ভাষাভিত্তিক এআই ভয়েস অর্ডারিং ফিচার চালু করেছে দেশের শীর্ষস্থানীয় এই রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। বাংলাদেশের এমএসএমই বাণিজ্যে এটিই প্রথম স্থানীয় ভাষার ভয়েস-ফার্স্ট অর্ডারিং প্রযুক্তি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ অক্টোবর, রবিবার প্রিয়শপের পক্ষ থেকে এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই সুবিধার মাধ্যমে যুক্ত থাকা দোকানিরা এখন অ্যাপে জটিল টাইপিং বা ক্যাটালগ না খুঁজে স্বাভাবিক বাংলায় কথা বলেই সরাসরি পণ্যের অর্ডার এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পন্ন করতে পারবেন। যেসব খুচরা ব্যবসায়ী ডিজিটাল মাধ্যমে তুলনামূলক কম অভ্যস্ত, তাঁদের জন্য পণ্য পুনঃমজুত করার দীর্ঘ প্রক্রিয়াটি এখন কয়েক সেকেন্ডের কণ্ঠনির্দেশনায় সম্পন্ন হবে।

ইংরেজিভিত্তিক প্রচলিত ভয়েস সিস্টেমের অনুকরণ না করে এই প্রযুক্তিটিকে শুরু থেকেই বাংলা ভাষা ও স্থানীয় বাজারব্যবস্থার বাস্তবতায় তৈরি করা হয়েছে। ফলে অ্যালগরিদমটি আঞ্চলিক উচ্চারণ, পণ্য ও ব্র্যান্ডের স্থানীয় নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং দোকানিদের প্রাত্যহিক ভাষাভঙ্গি নির্ভুলভাবে বুঝতে পারে। দোকানি মুখে বললে কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডের ব্যবধানে সঠিক স্টক কিপিং ইউনিট (এসকেইউ), অর্ডারের পরিমাণ ও প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক কার্ট তৈরি করে ফেলে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কায়িক শ্রম ও সময় বেঁচে যাবে।

উদ্যোগটি সম্পর্কে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানান, দেশের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর বড় অংশ ডিজিটাল প্রযুক্তিতে পুরোপুরি দক্ষ নন। তবে তাঁরা মুখে কথা বলতে অভ্যস্ত। তাই তাঁদের মাতৃভাষায় ও কণ্ঠে সেবা দিতে পারা ব্যবস্থার প্রয়োজন ছিল। তিনি উল্লেখ করেন, মানুষ বাস্তবে যেভাবে স্বাভাবিক কথা বলে, সেই অভিজ্ঞতা ধরে রেখেই এই সিস্টেমটি তৈরি করা হয়েছে যাতে প্রযুক্তি ব্যবসায়ীদের ওপর চাপিয়ে না দিয়ে প্রযুক্তিয়েই ব্যবসায়ীদের প্রয়োজনে মানিয়ে নেওয়া যায়।

বিশ্বজুড়ে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ফাস্টফুড ড্রাইভ-থ্রু কিংবা ডিজিটাল কিওস্কে ভয়েস অর্ডারিংয়ের বিস্তার ঘটলেও স্থানীয় প্রান্তিক বাণিজ্যের উপযোগী করে বাংলা ভাষার এমন প্রয়োগ বিরল। প্রিয়শপের এই উদ্ভাবন অর্ডার প্রক্রিয়া, রিটেইল ফাইন্যান্সিং, পণ্য ডেলিভারি ও ডেটা ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করার বৃহত্তর কৌশলের অংশ, যা দেশের খুচরা খাতের সামগ্রিক অটোমেশনকে আরও গতিশীল করবে।

//ডিবিটেক/এসিডিটি/সিপিএম/এমভিএনও//