এক ছাদের নিচে ডিজিটাল সেবা

কুমিল্লায় গ্রামীণফোনের নতুন হাইব্রিড সেন্টার চালু

  • কুমিল্লায় আধুনিক হাইব্রিড গ্রামীণফোন সেন্টার চালু
  • টেরাকোটা নকশায় ফুটে উঠেছে স্থানীয় ঐতিহ্য
  • টেলিযোগাযোগ পণ্য ও ডিজিটাল সমাধান সহজলভ্য

কুমিল্লায় গ্রামীণফোনের নতুন হাইব্রিড সেন্টার চালু
৪ অক্টোবর, ২০২৬ ১৪:১২  

আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো ও ডিজিটাল ইকোসিস্টেমের সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কুমিল্লায় একটি নতুন সমন্বিত হাইব্রিড গ্রাহকসেবা কেন্দ্র (জিপিসি) চালু করেছে গ্রামীণফোন। প্রযুক্তি ও স্থানীয় ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই সেন্টারের মাধ্যমে গ্রাহকদের উন্নত সংযোগ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

৪ অক্টোবর, রবিবার কুমিল্লা শহরের ঝাউতলায় আয়োজিত অনুষ্ঠানে সেন্টারটি উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহানাজ জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান, চট্টগ্রাম সার্কেল বিজনেস হেড ইমন কল্যাণ দত্ত এবং কুমিল্লা গ্রামীণফোন সেন্টারের পার্টনার সাইফুল মাহমুদ সুমন।

গ্রাহকদের দ্রুত বর্ধনশীল ডেটা ও টেলিকম চাহিদা পূরণের পাশাপাশি কেন্দ্রটির স্থাপত্যশৈলীতে রাখা হয়েছে কুমিল্লার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া। ঐতিহাসিক নিদর্শনগুলোর আদলে অভ্যন্তরীণ দেয়াল সাজানো হয়েছে টেরাকোটা নকশায়, যা সেবাগ্রহীতাদের পরিচিত আবহ উপহার দেবে। সুপ্রশিক্ষিত কর্মীদের ব্যবস্থাপনায় এখান থেকে গ্রাহকদের টেলিকম জটিলতা নিরসন, আধুনিক ডিভাইস সংগ্রহ, ডিজিটাল সল্যুশন এবং সর্বশেষ প্রযুক্তিপণ্যের সমন্বিত ওয়ান-স্টপ সেবা প্রদান করা হবে।

উদ্বোধনকালে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহানাজ জামান জানান, গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল জীবনকে সহজলভ্য, সুবিধাজনক ও মানানসই করতে তাঁরা নিরন্তর কাজ করছেন। তিনি উল্লেখ করেন, শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের '১ বাংলাদেশ ১ ইন্টারনেট' উদ্যোগের আওতায় নিরাপদ ও উপভোগ্য ডিজিটাল জীবন গড়তে গুরুত্ব দেওয়া হচ্ছে। কুমিল্লার এই নতুন সেন্টার গ্রাহকদের প্রযুক্তিগত নানা সেবা ও গ্রাহক সমর্থনের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে। একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে সংযোগ ও প্রযুক্তিকে চালিকাশক্তি হিসেবে ব্যবহার করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এই সেন্টারের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে গ্রামীণফোনের সেবা ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সুদৃঢ় হয়েছে। এটি নিত্যনতুন ডিজিটাল সল্যুশন, হাই-স্পিড নেটওয়ার্কিং এবং স্মার্ট ডিভাইসগুলোর সঙ্গে স্থানীয় গ্রাহকদের নিবিড় সংযোগ ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/বিসিএস/আইএমপি/এমভিএনও//