বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশন তুলে ধরল ‘প্রিয়শপ’
কাতারের দোহায় আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’-এ বাংলাদেশের রিটেইল খাতের উদ্ভাবন ও স্মার্ট ডিস্ট্রিবিউশন মডেল তুলে ধরেছে বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। ১৩০টিরও বেশি দেশের ৩০ হাজার উদ্ভাবক, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে প্রিয়শপ দেখিয়েছে কীভাবে প্রযুক্তির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জীবন বদলে দেওয়া সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সাস্টেইনিবিলিটির মতো বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই আসরে বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি বিশেষ নজর কেড়েছে।
২৫ ফেব্রুয়ারি, বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সামিটের মূল মঞ্চে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বাংলাদেশের মুদি দোকানিদের বর্তমান অবস্থা এবং সাপ্লাই চেইন সমস্যার টেকসই সমাধান তুলে ধরেন। তিনি জানান, প্রিয়শপের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রায় ২ লাখ মুদি দোকানি এখন সরাসরি শীর্ষ এফএমসিজি ব্র্যান্ডের পণ্য সহজে সংগ্রহ করতে পারছেন। সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনার পাশাপাশি এআই-ভিত্তিক ফিনটেক সেবার মাধ্যমে লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
সম্মেলনে আশিকুল আলম খাঁন বলেন, সুবিধাবঞ্চিত মুদি দোকানিরা যেন বিশ্বের সেরা মানের পণ্য, দক্ষতা ও সুযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটিই প্রিয়শপের মূল লক্ষ্য। প্রযুক্তির ছোঁয়ায় লাখো দোকানির জীবনযাত্রায় পরিবর্তন আনার এই বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারা বাংলাদেশের জন্য গর্বের। বর্তমানে প্রিয়শপ সারা দেশে তাদের কার্যক্রমের মাধ্যমে দোকানিদের ব্যবসায়িক খরচ কমানো, সহজ ঋণ প্রাপ্তি এবং নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদী আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলছে।
ডিবিটেক/এডিটি/ইকে







