নবীন শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আয়োজন ও কুইজ
স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বাকৃবি সোহরাওয়ার্দী হল বাঁধনের ‘চা চক্র’
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধন সোহরাওয়ার্দী হল ইউনিটের আয়োজনে নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘চা চক্র-২০২৬’ অনুষ্ঠিত।
- রক্তদানের যোগ্যতা, উপকারিতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে নবীনদের সম্পৃক্ত করার আহ্বান।
- পরিচিতি পর্বের পাশাপাশি রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ।
: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ইউনিটের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘চা চক্র-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হলের কমনরুমে সচেতনতামূলক এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নবীন শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা, রক্তদানের স্বাস্থ্যগত উপকারিতা ও যোগ্যতার মাপকাঠি সম্পর্কে অবগত করা এবং সংগঠনের সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে তাদের পরিচিত করে তোলা।
শুরুতে নবীন শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয়, শিক্ষাবর্ষ এবং রক্তের গ্রুপ তুলে ধরেন। এরপর বাঁধনের ইতিহাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ ও হল ইউনিটসমূহের ধারাবাহিক মানবিক কার্যক্রমের তথ্যচিত্র আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাঁধন সোহ্রাওয়ার্দী হল ইউনিটের সভাপতি মো. লিমন মিয়া বলেন, “বাঁধনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত আরেকটি মুমূর্ষু প্রাণ ফিরিয়ে দিতে পারে। নবীন শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নিঃস্বার্থ সমাজসেবার মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। আশা করি, আজকের এই মেলবন্ধন থেকে নবীনরা নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও মানবতার কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে।”
অনুভূতি প্রকাশ করে নবীন শিক্ষার্থী নাজমুল বলেন, “আজকের আয়োজনে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব গভীরভাবে বুঝতে পেরেছি। আগে বিষয়টি সাধারণ মনে হলেও এখন বুঝতে পারছি এটি জীবন বাঁচানোর পরম দায়িত্ব। ভবিষ্যতে নিজে নিয়মিত রক্ত দেওয়ার পাশাপাশি সহপাঠীদেরও এতে উদ্বুদ্ধ করব।”
অনুষ্ঠানে ‘Every Blood Donor Is a Hero’ এবং ‘Every 4 Months You Have the Opportunity to Touch Someone’s Heart’ বার্তার আলোকে প্রতি চার মাস পর পর রক্তদানের বৈজ্ঞানিক সুফল তুলে ধরা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেওয়ার পর একটি সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনে বাঁধন কেন্দ্রীয় পরিষদ, বাকৃবি জোনাল পরিষদ, বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ, সোহ্রাওয়ার্দী হল ইউনিটের উপদেষ্টামণ্ডলী, কর্মী এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ আরএইচ/ এসএমপি/ সিআইপি//





