ক্যামেরাবিহীন এআই চশমা ‘রে-ব্যান মেটা অডিও’ উন্মোচন
বার্ষিক ‘মেটা কানেক্ট ২০২৬’ সম্মেলনে নিজেদের প্রথম ক্যামেরা ছাড়া এআই চশমা ‘রে-ব্যান মেটা অডিও’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। পূর্বে স্মার্ট চশমার গোপন ক্যামেরা দিয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের যে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল, তা নিরসনেই মূলত এই অডিও-নির্ভর সংস্করণটি বাজারে আনা হয়েছে।
মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর সহায়তায় পরিচালিত এই চশমা দিয়ে সহজে ফোন কল ধরা, গান ও পডকাস্ট শোনা এবং সরাসরি ভাষা অনুবাদের সুবিধা পাওয়া যাবে। আগামী ১৩ অক্টোবর থেকে ৩৪৯ মার্কিন ডলারে চশমাটি আগাম বুকিং (প্রি-অর্ডার) দেওয়া যাবে।
হালকা নকশা ও ব্যাটারি পারফরম্যান্স
চশমা প্রস্তুতকারক বিখ্যাত ব্র্যান্ড এসিলরলুক্সোটিকার যৌথ উদ্যোগে তৈরি এই চশমায় কোনো ক্যামেরা না থাকায় এটি পূর্বের তুলনায় বেশ পাতলা এবং এর ওজন মাত্র ৪৩ গ্রাম। এতে রয়েছে এক চার্জে টানা ১২ ঘণ্টার ব্যাটারি লাইফ, যা চার্জিং কেসের সাহায্যে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত বর্ধিত করা সম্ভব।
‘ক্লাবমাস্টার’ ও ‘বারব্যাঙ্ক’ নামের দুটি নতুন ক্লাসিক ফ্রেমের পাশাপাশি এতে গ্রাহকদের জন্য মোট ২৩টি ভিন্ন রঙের কম্বিনেশন রাখা হয়েছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী চোখের পাওয়ার লেন্সও এতে যুক্ত করা যাবে।
ক্যামেরাসহ জেন-৩ সংস্করণ ও অন্যান্য আপডেট
অডিও চশমার পাশাপাশি ক্যামেরাসহ নতুন প্রজন্মের ‘রে-ব্যান মেটা (জেন ৩)’ গ্লাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ৩কে আল্ট্রা এইচডি ভিডিও ধারণক্ষমতার ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৯ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং ৬টি মাইক্রোফোনের উন্নত অডিও ব্যবস্থার সমন্বয় রয়েছে এতে।
পপ তারকা লিসার সাথে নতুন অংশীদারিত্ব ও বিশ্বজুড়ে বাজার সম্প্রসারণের পাশাপাশি ডাটা সুরক্ষায় এতে ‘প্রাইভেট প্রসেসিং’ সুবিধা যুক্ত করা হয়েছে। মূলত অ্যাপলের এয়ারপডসের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতেই অডিও পরিধানযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে এই নতুন কৌশল অবলম্বন করছে মেটা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





