এফবিআইয়ের সার্ভারে হ্যাকারদের হানা: ৩ টেরাবাইট স্পর্শকাতর তথ্য চুরির দাবি 

এফবিআইয়ের সার্ভারে হ্যাকারদের হানা: ৩ টেরাবাইট স্পর্শকাতর তথ্য চুরির দাবি 
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১২  

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা 'এফবিআই'-এর সার্ভারে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে কর্মকর্তা ও চাকরিপ্রার্থীদের প্রায় তিন টেরাবাইট স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকার দল ‘শাইনিহান্টার্স’। 

ওরাকলের ‘পিপলসফট’ প্ল্যাটফর্মের একটি জিরো-ডে নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিশেষায়িত ‘গভক্লাউড’ সার্ভারে অনুপ্রবেশ করে এই তথ্য চুরি করা হয়। 

এ ঘটনার মাধ্যমে এফবিআইয়ের চাকরি সংক্রান্ত পোর্টাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ৫ হাজার কর্মীর নাম, ঠিকানা, সোশ্যাল সিকিউরিটি নম্বর, জরুরি যোগাযোগ নম্বরসহ চীন ও রাশিয়া সংক্রান্ত কিছু স্পর্শকাতর গোয়েন্দা অপারেশনের তথ্য প্রকাশ্যে আসার ঝুঁকি তৈরি হয়েছে।

হামলার পেছনের উদ্দেশ্য ও এফবিআইয়ের প্রতিক্রিয়া 
তথ্য ফাঁসের খবরের প্রেক্ষিতে এফবিআই জানিয়েছে, তাদের পোর্টালে অবৈধ প্রবেশ ও ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও দ্রুততার ভিত্তিতে তদন্ত করছে। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে মুক্তিপণ বা অর্থ দাবি করলেও, এবার এফবিআইয়ের ক্ষেত্রে হ্যাকারদের কোনো আর্থিক উদ্দেশ্য নেই বলে জানানো হয়েছে। 

মূলত গত মে মাসে এফবিআইয়ের দেওয়া এক রিপোর্টের প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে, যেখানে সংস্থাটি দাবি করেছিল যে অর্থ আদায়ের জন্য শাইনিহান্টার্স তথ্য চুরির ভিত্তিহীন ও বাড়িয়ে বলা তথ্য প্রচার করে থাকে। 

সেই পুরোনো বিতর্কিত বিবৃতি প্রত্যাহার ও সংশোধনের চাপ সৃষ্টি করতেই সরাসরি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেই নিশানা করেছে হ্যাকার দলটি।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট