ফলো-আপঃ
বেসিস নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের আবেদন: বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশাসকের চিঠি
ডিজিবাংলা টেক ডট নিউজে সংবাদ প্রকাশের পরদিনই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বেসিস প্রশাসক।
১৭ মে, রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তানিয়া ইসলাম বরাবর এই চিঠিটি পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও বর্তমান বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের স্বাক্ষরিত এই চিঠিতে চূড়ান্ত ভোটার তালিকায় নানা ত্রুটি ও অসঙ্গতির অভিযোগ তুলে ধরে তা দ্রুত সংশোধনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। এর ফলে বেসিস নির্বাচন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি নতুন করে সামনে এলো।
প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নানাবিধ গুরুতর অনিয়মের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, তালিকা প্রকাশের পর সাধারণ বেসিস সদস্যদের কাছ থেকে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ও তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো ভোটারের ছবির সঙ্গে তথ্যের অসঙ্গতি বা ফটো মিসম্যাচ, ভুল টিআইএন নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি সকল বকেয়া পরিশোধ করার পরও অনেক বৈধ সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা। এছাড়াও বিভিন্ন সদস্যের মেম্বারশিপ আইডিতে ব্যাপক অসামঞ্জস্যতার তথ্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বেসিস সচিবালয়ে সদস্যদের কাছ থেকে প্রাপ্ত এসব অভিযোগ ও প্রতিক্রিয়া নিবিড়ভাবে যাচাই-বাছাই করে ত্রুটিগুলো শনাক্ত করা হয়েছে। বিশেষ করে এএস-২৩ থেকে এএস-৫৪, এএস-৫৬ থেকে এএস-৭৬ এবং এএস-৭৮ থেকে এএস-১০৭ পর্যন্ত সদস্যদের মেম্বারশিপ আইডি ভুলভাবে প্রদর্শন করার বিষয়টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সামগ্রিক নির্বাচন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা নিশ্চিত করার স্বার্থে এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় দ্রুত প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন বোর্ডকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেসিস প্রশাসন।
ডিবিটেক/এসআই/এমইউএম



