ঢাকায় ফিরে পদক্ষেপের আশ্বাস

চুয়েট অচলাবস্থা নিরসনে বিএনপি মহাসচিবের কাছে স্মারকলিপি

  • চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় চলমান আন্দোলন ও অচলাবস্থার বিভিন্ন দিক তুলে ধরে এই স্মারকলিপি প্রদান করেন চুয়েট শিক্ষার্থীরা
  • পানিসম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ডিসির কাছেও স্মারকলিপি দেওয়া হয়

চুয়েট অচলাবস্থা নিরসনে বিএনপি মহাসচিবের কাছে স্মারকলিপি
৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

৫ নভেম্বর বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় তার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চুয়েটে চলমান দীর্ঘ অচলাবস্থা ও কর্মসূচির বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তাঁর সামনে তুলে ধরেন।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনের প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো ধরনের অরাজকতা ছাড়াই আন্দোলন পরিচালনা করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, “আজ দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি উনার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নিবেন এবং চুয়েটের সকল স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবেন।”

উল্লেখ্য, এর আগে ভিসি পুনর্বহালের চলমান আন্দোলন চলাকালে একই দাবিতে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছেও পর্যায়ক্রমে স্মারকলিপি প্রদান করেছিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

//ডিবিটেক/রাকিব হাসান/এসএমপি/এমভিএনও//