কোয়ালকমের সাথে স্পেসএক্সের বিশাল ৫জি অবকাঠামো চুক্তি

কোয়ালকমের সাথে স্পেসএক্সের বিশাল ৫জি অবকাঠামো চুক্তি
৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭  

যুক্তরাষ্ট্রের শীর্ষ মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সাথে ‘স্টারলিংক মোবাইল’ প্রকল্পের জন্য বহু বছর মেয়াদি এক মেগা অবকাঠামো চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।

ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্সের দেশব্যাপী শক্তিশালী ভূ-পৃষ্ঠস্থ বা টেরেস্ট্রিয়াল ৫জি নেটওয়ার্ক গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে রেডিও সরঞ্জাম, বেসব্যান্ড ইউনিট এবং সমন্বিত সফটওয়্যার সরবরাহ করবে কোয়ালকম।   

কোয়ালকমের ইতিহাসে বৃহত্তম ৫জি চুক্তি
কোয়ালকমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ২০২৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ম্যাক্রো সেল সাইটে এই আধুনিক ৫জি সরঞ্জামগুলো স্থাপন করা শুরু হবে।   

যদিও চুক্তির সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে কোয়ালকম একে তাদের নেটওয়ার্ক পরিকাঠামো খাতের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় ৫জি সরবরাহ চুক্তি হিসেবে অভিহিত করেছে। 

মূলত চিপসেট তৈরির পাশাপাশি বহুল কাঙ্ক্ষিত ৫জি টেলিকম পরিকাঠামো বাজারে নিজেদের উপস্থিতি সংহত করার মধ্য দিয়ে কোয়ালকম এখন মারভেল, ব্রডকম ও ইন্টেলের মতো প্রতিষ্ঠিত বিশ্ব পরাশক্তিদের সরাসরি শক্ত চ্যালেঞ্জ জানাল।

টেলিকম বাজারের নতুন সমীকরণ ও প্রযুক্তিগত সুবিধা
মহাকাশে বিস্তৃত স্যটেলাইট সংযোগ এবং ভূ-পৃষ্ঠস্থ আধুনিক নেটওয়ার্কের অভূতপূর্ব মেলবন্ধনে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত ওয়্যারলেস জায়ান্ট- যেমন এটিঅ্যান্ডটি, ভেরিজন এবং টি-মোবাইলকে সরাসরি প্রতিযোগিতায় ফেলতে চাইছে।

প্রকাণ্ড এই নেটওয়ার্ক গড়ে তুলতে বিপুল বিনিয়োগের প্রয়োজন হলেও, স্পেসএক্স ইতিমধ্যে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অধিগ্রহণ এবং টাওয়ার লিজ প্রদানকারী প্ল্যাটফর্মগুলোর সাথে চুক্তির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। 

কোয়ালকমের ড্রাগনউইং প্ল্যাটফর্মের অ্যাডভান্সড বিমফর্মিং ব্যবস্থা ব্যবহার করে স্পেসএক্স তাদের লাইসেন্সকৃত স্পেকট্রামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে, যা ব্যবহারকারীদের জন্য বর্ধিত কভারেজ, উচ্চ ক্ষমতা ও নিরবচ্ছিন্ন গতির তথ্য সেবা সুনিশ্চিত করবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স