"অনুমতি ছাড়া যৌথ কনসোর্টিয়াম করা আইনসম্মত নয়": মন্ত্রী
মন্ত্রণালয়ের কোনো প্রকার পূর্বানুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
৩ সেপ্টেম্ব্বর. বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দেশের ব্যান্ডউইথ সঙ্কট ও বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্সের তৈরি হওয়া জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আমি শুনেছি যে এই ইন্ডভিজুয়াল (স্বতন্ত্র) কোম্পানিগুলোকে ইন্ডভিজুয়াল লাইসেন্স দেওয়া হয়েছিল। তারা নিজেদের যে কনসোর্টিয়ামটা করেছে, উইদাউট দ্য পারমিশন অব দ্য মিনিস্ট্রি (মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া)... মানে, আপনাকে কি ইন্ডভিজুয়াল পারমিশন দেওয়া হয়েছে? কিন্তু সেখানে আপনারা তিনজনে মিলে একটা কোম্পানি করে সাবমেরিন কেবল বা লাইনটা নিয়ে আসলেন—এটা তো নিয়মনীতি বহির্ভূত।”
প্রসঙ্গত, তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম গঠন করে দেশে আন্তর্জাতিক সাবমেরিন কেবল কোম্পানি হিসেবে লাইসেন্সপ্রাপ্তির মাধ্যমে সাবমেরিন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের নিরিখে সম্প্রতি প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে ব্যান্ডউইথ সঙ্কটের আশঙ্কা প্রকাশ করছেন খাত সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে জানান, আইনি প্রক্রিয়া ও মন্ত্রণালয়ের বিধিবিধান লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক স্বার্থ ও নীতিমালার তোয়াক্কা না করে কাউকে অনৈতিক সুযোগ দেবে না। ডিজিটাল অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য ব্যান্ডউইথ ঘাটতি মোকাবিলায় বিটিআরসি এবং মন্ত্রণালয় নিয়মনীতির মধ্যে থেকেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী জানান, একক শর্তে লাইসেন্স পাওয়ার পর তা নিজেদের মধ্যে একীভূত করে যৌথ ব্যবসা পরিচালনা করা নিয়মসম্মত নয়। মন্ত্রণালয় সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
//ডিবিটেক/ জেইউএস/ এসএমই/এমআইএসটি//





