আন্তর্জাতিক ফাইনালে যুক্তরাষ্ট্র ও ভারতে খেলবে বিজয়ী শিক্ষার্থীরা
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের নিবন্ধন শুরু
- ২৩ জুলাই থেকে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া চলবে ৭ আগস্ট পর্যন্ত
- “রোবট মিটস কালচার” প্রতিপাদ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রংপুরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে
- বিজয়ীরা যুক্তরাষ্ট্রে ডব্লিউআরও ফাইনাল ও ভারতে এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে
দেশের শিক্ষার্থীদের রোবোটিক্স, উদ্ভাবনী প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহী করে তুলতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬’-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “রোবট মিটস কালচার” (Robot Meets Culture)। রোবট ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধানের মাধ্যমে কীভাবে নিজ দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়, সেটিই এই আসরের মূল ভাবনা।
আন্তর্জাতিক ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ
জাতীয় পর্যায়ের বিজয়ী মেধাবী শিক্ষার্থীরা দুটি বড় বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করার ঐতিহাসিক সুযোগ পাবে:
১. ২৫-২৭ সেপ্টেম্বর ২০২৬: ভারতে অনুষ্ঠেয় ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ (এশিয়া-প্যাসিফিক)।
২. ৮-১০ ডিসেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনাল।
চার ক্যাটাগরি ও বয়সসীমা
প্রতিযোগিতাটি মোট ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:
- ফিউচার ইনোভেটরস ও রোবোমিশন: এলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) এবং সিনিয়র (১৪–১৯ বছর)।
- রোবোস্পোর্টস: ১১ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থী।
- ফিউচার ইঞ্জিনিয়ার্স: ১৪ থেকে ২২ বছর বয়সী তরুণ উদ্ভাবক।
প্রতি দলে ২ থেকে ৩ জন সদস্য অংশ নিতে পারবে। নিবন্ধন ফি ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জন্য ১,৫০০ টাকা এবং অন্য সব ক্যাটাগরির জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে: https://wrobd.org/।
চার আঞ্চলিক ভেন্যু ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ
দেশের ৪টি অঞ্চলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ঢাকার হোস্ট হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), খুলনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET), চট্টগ্রামে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU) এবং রংপুর অঞ্চলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (CPSC) দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে টেক-জায়ান্ট 'ব্রেইন স্টেশন ২৩', সিলভার স্পন্সর 'ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট', নলেজ পার্টনার 'গ্রে ম্যাটার রোবোটিকস' এবং মিডিয়া পার্টনার 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)'।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী তরুণরা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ বা মেধাবৃত্তির বিশেষ সুযোগ পাবে।
//ডিবিটেক/ এলএম/ এসআই//





