শিল্পের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন ও দ্রুত ওবিই চালুর আহ্বান উপাচার্যের

নোবিপ্রবিতে ওবিই প্রশিক্ষণ, জবমুখী শিক্ষা চালুর তাগিদ

  • নোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ
  • দ্রুত সব বিভাগে ওবিই কারিকুলাম চালুর তাগিদ
  • শিল্পের চাহিদাভিত্তিক জবমুখী শিক্ষা চালুর আহ্বান

নোবিপ্রবিতে ওবিই প্রশিক্ষণ, জবমুখী শিক্ষা চালুর তাগিদ
১১ আগষ্ট, ২০২৬ ১৫:৫২  
১১ আগষ্ট, ২০২৬ ১৭:৩৩  

নোয়াখালী, ১১ আগস্ট, মঙ্গলবার: উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দ্রুত আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালুর তাগিদ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। একই সঙ্গে শিল্প ও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী জবমুখী কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের অংশগ্রহণে ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ওবিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু রয়েছে। নোবিপ্রবির প্রতিটি বিভাগে দ্রুত ওবিই কারিকুলাম চালুর দিকে এগোতে হবে। এটি চালু হলে সব পরীক্ষা ওবিই কারিকুলামের ভিত্তিতে নেওয়া সম্ভব হবে।

শিল্প-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা একসময় শিল্প ও চাকরির বাজারে প্রবেশ করবে। তাই চাকরির বাজারমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন বিষয়ের চাকরির ক্ষেত্রে কী ধরনের দক্ষতা ও জ্ঞান প্রয়োজন, তা চিহ্নিত করতে হবে। এরপর সেই চাহিদা অনুযায়ী ওরিয়েন্টেড কোর্স চালু করা প্রয়োজন।

উপাচার্য আরও বলেন, ওবিই কারিকুলাম তৈরিতে অভিজ্ঞ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে নোবিপ্রবি অ্যালামনাই, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মতামতও নেওয়া যেতে পারে।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
//ডিবিটেক/এসএইচএম/ এমআইএস//