ভুয়া ওয়েবসাইটে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চুরির চেষ্টা
অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ
- অডিসি বিনামূল্যে দেখার নামে ভুয়া ওয়েবসাইট
- ফ্রি ট্রায়ালের অজুহাতে তথ্য হাতানোর চেষ্টা
- অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
ঢাকা, ১০ আগস্ট ২০২৬: ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অডিসি’ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহকে কাজে লাগিয়ে অনলাইন প্রতারণার ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা। ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক অফারের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি জানিয়েছে, সাইবার অপরাধীরা ‘অডিসি’ বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার দাবি করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে। দর্শকদের আকৃষ্ট করতে এসব সাইটে বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণ দেখার সুযোগের কথাও বলা হচ্ছে। ওয়েবসাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে ব্যবহার করা হচ্ছে ভুয়া রিভিউ ও রেটিং।
ব্যবহারকারী সিনেমাটি দেখার চেষ্টা করলে ভুয়া ভিডিও প্লেয়ারে ‘কন্টিনিউ ওয়াচিং ফর ফ্রি’ বা বিনামূল্যে দেখা চালিয়ে যাওয়ার জন্য নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। নিবন্ধনের সময় নাম ও ই-মেইল ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়।
পরবর্তী ধাপে ‘ফ্রি ট্রায়াল’ চালুর অজুহাতে ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্য চাওয়া হতে পারে। এতে অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকিও তৈরি হয়।
ক্যাসপারস্কি বিশেষভাবে সতর্ক করেছে একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সেবায় ব্যবহারকারীদের। একটি অ্যাকাউন্টের তথ্য চুরি হলে একই পাসওয়ার্ড ব্যবহার করা অন্য অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের মুক্তিকে ঘিরে দর্শকদের আগ্রহকে কাজে লাগানোর চেষ্টা করে প্রতারকরা। কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার সময় অপরিচিত ওয়েবসাইটে সেটি হঠাৎ বিনামূল্যে দেখার সুযোগ দেওয়া হলে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত।
তিনি ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে কেবল অফিসিয়াল সেবার মাধ্যমে কনটেন্ট দেখার পরামর্শ দেন।
নিরাপদ থাকতে ওয়েবসাইটের ইউআরএল ও সত্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। পাশাপাশি কেবল অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার এবং পেমেন্টের তথ্য সুরক্ষায় প্রিপেইড কার্ড বা নির্দিষ্ট পেমেন্ট সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ফিশিং প্রতিরোধ সুবিধাসহ নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং অনলাইন ও আর্থিক অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি।
//ডিবিটেক/সিএসসি/এসআইএম//





