প্রথমবারে খাতা পুনঃপরীক্ষণের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা

ফলাফল পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন ১১ আগস্ট থেকেই

ফলাফল পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন ১১ আগস্ট থেকেই
১০ আগষ্ট, ২০২৬ ১২:২৩  

এবার থেকে পাবলিক পরীক্ষার খাতা শুধু পুনঃনিরীক্ষা নয়, পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর এই কাজটি করতে স্কুলে বা বোর্ডে দৌড়াতে হবে না। অনলাইনেই পূণঃ নিরিক্ষার আবেদন করতে হবে। 

নতুন নিয়ম অনুযায়ী এসএসসি ফল নিয়ে যদি কোনো আপত্তি থাকে তবে আগামী ১১ থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এজন্য https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে।

১০ আগস্ট, সোমবার  সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ১৯৮৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের, রি-চেক করানোর কোন পুনর্ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এই ১৯৮৮ সালের পাবলিক পরীক্ষায অ্যাক্ট সংশোধন করেছি। যে সকল ছাত্র-ছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থান নেওয়া হবে। 

পুনঃনিরীক্ষণে খাতা কি আবার মূল্যায়ন হবে- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এক্স্যাক্টলি। আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অব অ্যা কমিটি। যদি কেউ কাউকে ভুল বানানের মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ততা রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটি। রিভিউ কমিটির সামনে সে খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর যা প্রাপ্য, তা তাকে দিতে হবে।

আর খাতা মূল্যায়ণ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, কৃত্রিমভাবে জিপিএ বা নম্বর বাড়ানোর পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।  প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান, যেখানে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা, দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে বেরিয়ে আসবে। ফলে যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, তার প্রকৃত সক্ষমতার ভিত্তিতেই এবার ফলাফল এসেছে।

এছাড়াও এবার প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র এবং পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহারের প্রসঙ্গও মনে করিয়ে দেন তিনি।

এদিকে ঘরে বসেই অনলাইনে খাতা পূণর্মূল্যায়নের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

//ডিবিটেক/বিএনও/এমআইএস//