সচিবালয়ে মেলার ডিজিটাল প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
নভোথিয়েটারে সেপ্টেম্বরে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬'
- উদ্ভাবনী মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যালয়ে ডিজিটাল প্রচারণা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
ঢাকা, ৯ আগস্ট, রবিবার: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্ভাবকদের মিলনমেলা “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬”। উৎসবমুখর এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষ্যে আজ রবিবার (৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে “ইনোভেশন ফেয়ার ২০২৬”-এর ডিজিটাল প্রচারণা কার্যক্রমের কাউন্ডডাউন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডিজিটাল প্রচারণা উদ্বোধনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়,দেশের তরুণ উদ্ভাবকদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হচ্ছে। ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে আজ থেকে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং মেলা সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইনোভেশন ফেয়ারের যাবতীয় আপডেট, নতুন উদ্ভাবনী উদ্যোগ, রেজিস্ট্রেশন ও অংশগ্রহণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়মিতভাবে প্রচার করা হবে।
//ডিবিটেক/এমএপি/ এসএমই//





