বিওএমএ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফেক নিউজ প্রতিরোধে কর্মশালা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত; ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত
- রাজধানীর শান্তিনগরে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের (BOMA) ষষ্ঠ দ্বি-বার্ষিক সাধারণ সভা
- ভুয়া খবর (Fake News) প্রতিরোধে বিশেষ কর্মশালা ও দ্রুত দেশব্যাপী শাখা কমিটি গঠনের উদ্যোগ
- সর্বসম্মতিক্রমে সংগঠনটিকে সরকারের নিবন্ধনের আওতায় আনা ও ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি চূড়ান্ত
ঢাকা, ৯ আগস্ট, রবিবার: দেশের অনলাইন গণমাধ্যমকর্মীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ (BOMA)-এর ষষ্ঠ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শান্তিনগরের সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে অবস্থিত ট্রেজার আইল্যান্ডের নিজস্ব কার্যালয়ে ৮ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ.কে.এম. শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। সভার সূচনায় তিলওয়াত করেন যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
স্বাগত বক্তব্যে সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খান অনলাইন মিডিয়ার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনায় নাসির উদ্দিন বুলবুল জানান, শিগগিরই ভুয়া খবর বা 'ফেক নিউজ' প্রতিরোধে বিশেষ কর্মশালা আয়োজনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে এবং ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। অন্যদিকে নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম অনলাইন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে বহুমুখী প্রশিক্ষণের ওপর জোর দেন।
প্রতিষ্ঠাকালীন সদস্য ড. রেজাউল করিম চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে দ্রুত সংগঠনের আওতায় এনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব করেন। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে অপসাংবাদিকতা রোধ, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের সুরক্ষায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম চূড়ান্ত করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান রতন ও রাশেদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ রশিদ অলক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ বাবু ও নির্বাহী সদস্য সুমাইয়া জামানসহ প্রবীণ সাংবাদিকবৃন্দ। সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন সভায় বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক আর্থিক প্রতিবেদন ও পরবর্তী অর্থ বছরের বাজেট অনুমোদন করিয়ে নেন।
//ডিবিটেক/ এসআই/এমএসআই//





