দৈনিকের ফটোকার্ডে রাজনৈতিক মন্তব্যের কারণে সরকারি কর্মচারীকে বাগেরহাটের মোংলায় তাৎক্ষণিক বদলির নির্দেশ

ফেসবুকে মন্তব্যের জেরে মাধবপুরের পিআইও সহকারীকে স্ট্যান্ড রিলিজ

  • সাবেক প্রধানমন্ত্রী সংক্রান্ত সংবাদের কমেন্টে রাজনৈতিক মন্তব্য করায় সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ
  • মাধবপুর থেকে বাগেরহাটের মোংলা উপজেলায় বদলি করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা
  • সরকারি কর্মচারীর এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ ও ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বিএনপি নেতাদের

ফেসবুকে মন্তব্যের জেরে মাধবপুরের পিআইও সহকারীকে স্ট্যান্ড রিলিজ
৬ আগষ্ট, ২০২৬ ০৯:১৩  

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী সমর সাহার একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক সামাজিক ও প্রশাসনিক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৫ আগস্ট) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় তাৎক্ষণিকভাবে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা বিষয়ক একটি ফটোকার্ড একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে প্রকাশিত হয়। ওই ফটোকার্ডের কমেন্ট বক্সে সমর সাহা তার ব্যক্তিগত আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ একজন সরকারি কর্মচারীর প্রকাশ্য রাজনৈতিক ও বিতর্কিত কমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা তৈরি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পরপরই প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে কথা বলতে সমর সাহার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা দোসরদের চিহ্নিত করে দ্রুত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।

//ডিবিটেক/ ডিপি/ এসই//