টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ!

টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ!
২৯ জুলাই, ২০২৫ ১৫:৫৭  
২৯ জুলাই, ২০২৫ ২১:০৩  

আর কদিন পরেই ৫ আগস্ট। এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে। তাঁর দল আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত বলে নিউজ১৮-কে জানিয়েছে দলটির ভেতরের কিছু সূত্র। যদিও দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, তবে দলের নেতা-কর্মীদের টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ এবং সেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে তারা রীতিমতো অবাক।

গত এক বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে ২০ হাজার থেকে ৩০ হাজারের বেশি। প্রতিদিন রাত ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এসব ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

তবে, দলটির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ১৮–কে জানিয়েছে, শেখ হাসিনা নিজে যখন এসব বৈঠকে অংশ নিচ্ছেন, তখন কারা তার সঙ্গে কথা বলবেন, তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে। এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তারা।

সূত্রগুলো বলছে, ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন। সেখানে তিনি নিয়মিত 'ঢাকা ঘেরাও'-এর ডাকসহ নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। কিন্তু তার এসব আহ্বান কীভাবে, কখন বা কোন পন্থায় বাস্তবায়ন করা হবে, সেই ব্যাখ্যা নেই।

সূত্রগুলো আরও দাবি করেছে, ওবায়দুল কাদের এখন নিজেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তাঁর প্রতিদিনের কথা বলার সময় ঠিক করেন। অনেকে এটাকে তাঁর রাজনৈতিক কৌশল না বলে হতাশা হিসেবে ব্যাখ্যা করেছেন।


আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ১৮-কে বলেছেন, দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি নিজের গুরুত্ব ধরে রাখার জন্য অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যা দলের ভালোর জন্য নয়, বরং একধরনের আর্থিক প্রতারণা চালানোর জন্য।

ওই নেতা আরও জানান, শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে, তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে দলের জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন।

তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব—যেমন সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল ও মহিবুল হাসান চৌধুরী নওফেল—এমনকি শেখ হাসিনার জন্যও বড় একটি উদ্বেগের বিষয় হলো, ড. ইউনূসের সমর্থক ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা এসব গ্রুপের অনেকগুলোতে ঢুকে পড়েছে বলে মনে করছেন দলটির নেতা-কমীরা।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি ও জামায়াতের কর্মীদের অনুপ্রবেশের সঙ্গে লড়াই করলেও ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুগত গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশ এটাই প্রথম। এই অনুপ্রবেশকারীরা নাকি গ্রুপগুলোর কথোপকথন রেকর্ড করে, যা পরে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যবহার করা হয়। দলটির ভেতরের খবর অনুযায়ী, গ্রুপে আলোচনার ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার শুরু হয়ে গেছে।

প্রথম কখন এই সন্দেহ দেখা দেয়া—এ বিষয়ে জানতে চাইলে দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দেখুন, মাঝেমধ্যে অপ্রীতিকর মন্তব্য আসছিল। কিন্তু ধানমন্ডি ৩২-এর মতো পরিচিত গ্রুপগুলোতেও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নামে নামকরণ করা) কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যা আমরা লক্ষ করেছিলাম। কিন্তু যখন প্রতিরোধ গড়ার আলোচনার ভিত্তিতে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া শুরু হলো, তখন আমরা বুঝলাম, ব্যাপারটা যতটা দেখা যাচ্ছে, তারচেয়েও গভীর।’

এই সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা কী চান—নিউজ১৮ জানতে পেরেছে, শেখ হাসিনা এই পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্বে আমূল পরিবর্তন চান। তিনি চান না, কর্মীরা শুধু ‘কি–বোর্ড যোদ্ধা’ হয়ে থাকুক। নিউজ১৮ আরও জানতে পেরেছে, ডেটা কালোবাজারে ও ডার্ক ওয়েবে ফাঁস হওয়া খবরের পর আওয়ামী লীগের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে দলটি মনে করছে, তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে প্রস্তুত—এবার টেলিগ্রাম নয়, সরাসরি রাস্তায় নামার ‘পর্ব’।

দলের এক নেতা বলেন, এক বছর হয়ে গেল। আওয়ামী লীগ জনগণের জন্য লড়তে চায়। তাই প্রতিটি জেলা ও মহানগর এলাকায় বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে খুব শিগগির প্রতিরোধ কমিটি গঠন করা হবে।