স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে ‘ইনস্ট্যান্টস’ অ্যাপ আনল ইনস্টাগ্রাম

স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে ‘ইনস্ট্যান্টস’ অ্যাপ আনল ইনস্টাগ্রাম
১৪ মে, ২০২৬ ১৪:২৯  

ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। ক্ষণস্থায়ী বা ‘ডিসঅ্যাপিয়ারিং’ ছবির জনপ্রিয়তাকে পুঁজি করে তারা চালু করেছে ‘ইনস্ট্যান্টস’ নামক একটি নতুন ফিচার এবং ডেডিকেটেড অ্যাপ। মূলত ইনফ্লুয়েন্সারদের চাকচিক্যময় ছবির ভিড়ে বন্ধু-বান্ধবদের সাথে মুহূর্তের অগোছালো ও বাস্তব ছবি শেয়ার করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে মেটা।

ইনস্ট্যান্টস-এর মূল আইডিয়া হলো তাৎক্ষণিকভাবে ছবি তোলা এবং শেয়ার করা। এই ছবিগুলো একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে ব্যবহারকারী চাইলে তার নিজস্ব আর্কাইভে এগুলো এক বছর পর্যন্ত জমিয়ে রাখতে পারবেন এবং পরবর্তীতে ‘র‍্যাপ-আপ’ স্টোরি হিসেবে শেয়ার করতে পারবেন।

এই ফিচারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সরলতা। ইনস্ট্যান্টস-এ কোনো ফিল্টার বা এডিটিং টুল ব্যবহার করা যাবে না। এমনকি গ্যালারি বা ক্যামেরা রোল থেকে পুরনো ছবি আপলোড করারও কোনো সুযোগ নেই। ব্যবহারকারীকে অ্যাপের ভেতর থেকেই ছবি তুলতে হবে এবং বড়জোর একটি ক্যাপশন যুক্ত করা যাবে। অনেকটা ইনস্টাগ্রামের শুরুর দিনগুলোর মতো এখানেও ‘রিয়েল’ বা আসল ছবি শেয়ার করার ওপর জোর দেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামের মূল অ্যাপের ডিএম সেকশনে একটি নতুন ফটো স্ট্যাক আইকনের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। পাশাপাশি গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এর জন্য একটি আলাদা অ্যাপও অবমুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের মতে, মূল অ্যাপটি অনেক বেশি ভারী বা ‘ব্লোটেড’ হয়ে যাওয়ায় দ্রুত ক্যামেরা এক্সেস করার জন্য এই আলাদা অ্যাপটি তৈরি করা হয়েছে।

ইনস্ট্যান্টস-এ ইনস্টাগ্রামের প্রচলিত সব নিরাপত্তা এবং প্রাইভেসি সেটিংস কার্যকর থাকবে। কিশোর- কিশোরীদের একাউন্টের ক্ষেত্রে প্যারেন্টাল সুপারভিশন বা অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এর মধ্যে রয়েছে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং ব্লক করার সুবিধা এবং রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা। এছাড়া কোনো কিশোর যদি আলাদাভাবে ইনস্ট্যান্টস অ্যাপটি ডাউনলোড করে, তবে তার অভিভাবকের কাছে তাৎক্ষণিক নোটিফিকেশন চলে যাবে।

এটি প্রথমবার নয় যে ইনস্টাগ্রাম অন্য কোনো অ্যাপের আদলে ফিচার নিয়ে এসেছে। এর আগে স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে তারা ‘স্টোরিস’ এবং বি-রিয়েলকে অনুকরণ করে ‘ক্যান্ডিড স্টোরিস’ এনেছিল। তবে এবারের ‘ইনস্ট্যান্টস’ একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র অ্যাপ হিসেবে বাজারে আসায় এটি ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায়, তা এখন দেখার বিষয়।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট