জ্বালানি সংকট মোকাবিলা ও সোলার প্রযুক্তি সহজলভ্য করতে তিনটি বিশেষ নির্দেশনা
সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ
- সোলার ইনভার্টারের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা ও নতুন অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ
- প্রাণ-আরএফএল ও ওয়ালটন গ্রুপের উপস্থাপনায় জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনার আলোকপাত
৩ আগস্ট, সোমবার: দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুলাংশে বাড়াতে সভায় প্রধানমন্ত্রী তিনটি প্রধান নির্দেশ দেন:
- ১. দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
- ২. দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
- ৩. সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়ন করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানো হবে। প্রধানমন্ত্রী বলেন, “সরকারি ভবনে সৌরবিদ্যুতের নিয়মিত ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বৃদ্ধি পাবে।”
সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন কারিগরি ও অর্থনৈতিক দিক তুলে ধরে। তাদের উপস্থাপনায় উল্লেখ করা হয়, এ উদ্যোগ পুরোদমে বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বিপুল নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে এই প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান ও লিফটসহ বিভিন্ন ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো সম্ভব।
ভোক্তাদের মাঝে সৌরবিদ্যুতের ব্যবহারিক সুবিধা ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ এবং ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেএনও/ এসএমই//





