ই-সিম নাকি ফিজিক্যাল সিম: কোনটি আপনার জন্য উপযুক্ত?

ই-সিম নাকি ফিজিক্যাল সিম: কোনটি আপনার জন্য উপযুক্ত?
৮ আগষ্ট, ২০২৬ ১০:০০  

কয়েক দশক ধরে মোবাইল ফোনে নেটওয়ার্ক সংযোগ মানেই ছিল প্লাস্টিকের তৈরি ছোট্ট একটি চিপ বা 'সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল' (সিম)। সময়ের সঙ্গে সঙ্গে এই সিম কার্ডের আকার ছোট হয়েছে। অপ্রয়োজনীয় প্লাস্টিকের অংশ বাদ দিয়ে টেলিকম প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের হাতে তুলে দিয়েছে ন্যানো সিম। তবে প্রযুক্তির এই যাত্রায় সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে 'ই-সিম' বা এমবেডেড সিমের হাত ধরে। এখন আর ফোনে আলাদা করে কার্ড ঢোকাতে হয় না, ফোনেই সেটি স্থায়ীভাবে যুক্ত থাকে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ই-সিমের ব্যবহার এখন বেশ পরিচিত। গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো দেশের শীর্ষ টেলিকম অপারেটরগুলো এরই মধ্যে গ্রাহকদের জন্য ই-সিম সুবিধা নিয়ে এসেছে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তাই এখন একটি সাধারণ প্রশ্ন দেখা যায়—ই-সিম নাকি ফিজিক্যাল (সাধারণ) সিম, কোনটি বেছে নেওয়া উচিত?

ই-সিম এবং এর সুবিধা
ই-সিম হলো এমন একটি ডিজিটাল সিম, যা আপনার স্মার্টফোন বা পরিধানযোগ্য স্মার্ট যন্ত্রের (যেমন স্মার্টওয়াচ) ভেতরে ডিজিটালি সংযুক্ত করতে হয়। এর জন্য আলাদা করে কোনো সিম কার্ড ফোনে ঢোকাতে হয় না। মোবাইল অপারেটররা তারবিহীন প্রযুক্তির মাধ্যমে দূর থেকেই আপনার ফোনে নেটওয়ার্ক সংযোগ বা প্ল্যান চালু করে দেয়।

এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ফোনের ভেতরে বেশ কিছুটা জায়গা বাঁচায়। স্মার্টফোন নির্মাতারা সিম ট্রের জায়গাটি অন্য কোনো অত্যাধুনিক যন্ত্রাংশ বসানোর কাজে লাগাতে পারেন। এ ছাড়া ই-সিম নিরাপত্তার দিক দিয়ে বেশ কার্যকর। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কেউ সহজে আপনার ই-সিম খুলে ফেলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে পারবে না। 

যারা নিয়মিত দেশ-বিদেশে ভ্রমণ করেন, তাঁদের জন্য এটি দারুণ কাজের। কারণ, একটি ফোনে একাধিক ই-সিম প্রোফাইল সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজনমতো নেটওয়ার্ক পরিবর্তন করা যায়।

ফিজিক্যাল সিম ও এর সুবিধা
ফিজিক্যাল বা সাধারণ সিম হলো সেই পুরোনো প্রযুক্তি, যা আমরা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছি। মিনি, মাইক্রো বা ন্যানো- যেকোনো আকারেই হোক না কেন, এর কাজের ধরন একই। সিম ট্রেতে সিমটি বসিয়ে দিলেই কাজ শুরু।

পুরোনো হলেও এই প্রযুক্তির কদর এখনো কমেনি। এর সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবহারের সহজ পদ্ধতি। ধরুন, আপনার ফোনটি হঠাৎ নষ্ট হয়ে গেল। আপনি খুব সহজেই নষ্ট ফোন থেকে সিমটি খুলে নতুন একটি ফোনে লাগিয়ে নিতে পারবেন। এর জন্য আলাদা করে অপারেটরের কাছে যাওয়ার বা নতুন করে সিম সক্রিয় করার কোনো ঝামেলা নেই। যারা নিয়মিত ফোন বদল করেন, তাঁদের জন্য এই সুবিধাটি ছেড়ে দেওয়া বেশ কঠিন।

এ ছাড়া সামঞ্জস্যের দিক থেকেও ফিজিক্যাল সিম এগিয়ে। সব ধরনের ফোনে ই-সিম সমর্থন করে না। সাশ্রয়ী দামের ফিচার ফোন থেকে শুরু করে পুরোনো মডেলের স্মার্টফোনগুলোতেও সাধারণ ন্যানো সিম অনায়াসে ব্যবহার করা যায়।

কোনটি বেছে নেবেন?
বাংলাদেশের বাজারে এখন ই-সিম সমর্থিত স্মার্টফোনের সংখ্যা দ্রুত বাড়ছে। আপনার ফোনে যদি ই-সিম ব্যবহারের সুযোগ থাকে, তবে এটি হতে পারে একটি আধুনিক ও নিরাপদ বিকল্প। চুরি যাওয়া ফোন সুরক্ষার ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দেয়।

অন্যদিকে, সাধারণ সিমের নির্ভরতা এখনো অনেক বেশি। বিশেষ করে ফোন নষ্ট হলে বা দ্রুত অন্য ফোনে সিম স্থানান্তরের ক্ষেত্রে ফিজিক্যাল সিমের কোনো বিকল্প নেই।

পরিশেষে বলা যায়, এই বিতর্কে নির্দিষ্ট কোনো জয়ী নেই। আপনার ব্যবহারের ধরন, ফোনের মডেল এবং ব্যক্তিগত সুবিধার ওপর ভিত্তি করেই আপনাকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে।

ডিবিটেক/বিএমটি