জাইকার সহযোগিতায় বিচারপ্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রতিশ্রুতি আইনমন্ত্রীর
দেওয়ানি মামলার জট নিরসনে বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ
- বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ-জাপান যৌথ সেমিনার অনুষ্ঠিত
- প্রবীণ দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে এডিআর ও প্রযুক্তির ব্যবহারে জোর
- বিচার ব্যবস্থার সংস্কারে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস
দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই মামলার জট কমানো সম্ভব।
২৯ জুলাই, বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) আইন ও বিচার বিভাগ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন: বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রবীণ দেওয়ানি মামলাগুলো বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়িয়েছে এবং বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি করেছে। এই বাস্তবতায় সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর), বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বিচারসেবা চালুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জাপানের বিচার মন্ত্রণালয় ও জাইকার মতো আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা আমাদের এই রূপান্তরকে আরও সহজ করবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক কাজুনোরি নোসে বাংলাদেশের বিচারব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো. শাফায়েত এবং জাপানের বিচার মন্ত্রণালয়ের অধ্যাপক ওয়াকাযোনো রেই মূল প্রবন্ধে উভয় দেশের বিচার ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ ও প্রযুক্তি ব্যবহারের কৌশল তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেমউল কায়েস জানান, সেমিনারে উত্থাপিত প্রযুক্তিনির্ভর সুপারিশমালা পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা এবং বিভিন্ন বিচার বিভাগীয় কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডিএমআরকে/এমআইএস//





