ফেস রিকগনিশন, জিপিএস ট্র্যাকিং ও ইলেকট্রিক বাইকের মাধ্যমে গ্রাহকসেবা আরও দ্রুত ও পরিবেশবান্ধব করার উদ্যোগ
৪৫৮ উপজেলায় প্রযুক্তিনির্ভর ‘সুপার বাইক’ সেবা সম্প্রসারণ করল রবি
দেশজুড়ে ডিজিটাল গ্রাহকসেবা আরও দ্রুত, দক্ষ ও পরিবেশবান্ধব করতে বৈদ্যুতিক ‘রবি সুপার বাইক’ কর্মসূচি সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এই ই-বাইক সেবা এখন দেশের ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানা এলাকায় চালু হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডিজিটাল সেবা, গ্রাহক সহায়তা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে অপারেটরটি।
১৫ জুলাই, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির এই উদ্যোগে ব্যবহৃত ইলেকট্রিক বাইকগুলোতে ফেস রিকগনিশন আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং, রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং, ইউএসবি চার্জিং পোর্ট এবং কনভার্টেবল কার্গো বক্সসহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে মাঠকর্মীদের নিরাপদ, স্মার্ট ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বৈদ্যুতিক মোটরসাইকেল ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের তুলনায় কার্বন নিঃসরণ কমছে। একই সঙ্গে টেকসই পরিবহন ব্যবস্থার মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেও কাজ করছে রবি।
রবির মাঠপর্যায়ের কর্মকর্তারা এসব ই-বাইকের মাধ্যমে গ্রাহকসেবা প্রদান, নতুন ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সিম ও নেটওয়ার্ক-সংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করতে পারছেন।
রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবি সুপার বাইক আমাদের টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারছি।”
তিনি আরও বলেন, “উদ্ভাবন, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং দেশের সব মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সুপার বাইকের সংখ্যা বাড়ানো হয়েছে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে রবির অঙ্গীকারের প্রতিফলন।”
রবি জানায়, গত বছর মাঠকর্মীদের কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে এই ই-বাইক কর্মসূচি চালু করা হয়। বাইকগুলোতে রবি ব্র্যান্ডের ছাতা, মোবাইল ও ল্যাম্প চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং জনসচেতনতামূলক প্রচারের জন্য অডিও হ্যান্ড মাইক্রোফোনও সংযুক্ত রয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, প্রযুক্তিনির্ভর এই পরিবেশবান্ধব উদ্যোগ একদিকে কার্বন নিঃসরণ কমাচ্ছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়াচ্ছে। সংযোগ সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের সমন্বয়ে ‘রবি সুপার বাইক’ কর্মসূচি দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/ডিজেড/এসএমই//





