নতুন ট্যারিফ, বেশি ব্যবহার ও উচ্চ স্ল্যাবকে দায়; অভিযোগ থাকলে বিল পুনঃযাচাইয়ের আহ্বান
বিদ্যুৎ বিল বাড়ার কারণ ব্যাখ্যা করল বিদ্যুৎ বিভাগ
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পর বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধির জন্য মিটারের ত্রুটি দায়ী নয়। নতুন ট্যারিফ কার্যকর, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়ায় বিল বেড়েছে বলে বিভাগের দাবি।
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পর বিদ্যুৎ বিভাগ বলেছে, অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধির জন্য মিটারের ত্রুটি দায়ী নয়। নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়াই বিল বাড়ার প্রধান কারণ বলে জানিয়েছে বিভাগটি।
৬ জুলাই, সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যায় বলা হয়, জুন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হয়েছে। ফলে একই পরিমাণ অর্থে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে প্রিপেইড মিটারের গ্রাহকদের আগের তুলনায় বেশি বার রিচার্জ করতে হচ্ছে, যা অনেকের কাছে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়েছে বলে মনে হতে পারে।
বিভাগটির দাবি, সাম্প্রতিক সময়ে তীব্র গরম, কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, বিশ্বকাপ ফুটবল, এসএসসি পরীক্ষা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ফলে অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার উচ্চতর ট্যারিফ স্ল্যাবে পৌঁছেছে, যার প্রভাব বিলের ওপর পড়েছে।
তবে কিছু ক্ষেত্রে বিল প্রস্তুতের সময় করণিক ভুলের প্রমাণ পাওয়া গেছে বলে স্বীকার করেছে বিদ্যুৎ বিভাগ। এসব বিল পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নিম্ন আয়ের গ্রাহকদের কথা বিবেচনায় রেখে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের ট্যারিফ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো এবং স্মার্ট মিটারিং সম্প্রসারণে কাজ চলছে।
যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিভাগটি। অভিযোগের ভিত্তিতে মিটার পরীক্ষা, বিল পুনঃযাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে মিটার ভাড়া নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ বিলসংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই করে দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হয়ে বিদ্যুৎ স্থাপনার ক্ষতি না করার জন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।
//ডিবিটেক/জিএনএন/এমআই//





