যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে গবেষণার প্রভাব, নৈতিকতা ও বৈজ্ঞানিক লেখালেখি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
টেকসই গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখি নিয়ে যবিপ্রবিতে সেমিনার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সায়েন্টিফিক রাইটিং’ শীর্ষক সেমিনারে গবেষণার প্রভাব, নৈতিকতা ও বৈজ্ঞানিক লেখালেখির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সায়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। তিনি এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার যবিপ্রবি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইয়ারুল কবীর বলেন, বর্তমান বিশ্বে শুধু গবেষণার জন্য গবেষণা নয়, বরং সেই গবেষণার সমাজ ও শিল্পক্ষেত্রে বাস্তব প্রভাব কতটুকু—সেটিই বেশি গুরুত্ব পাচ্ছে। তাই তরুণ গবেষকদের সমস্যা সমাধানভিত্তিক ও প্রভাবসৃষ্টিকারী গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
গবেষণা নৈতিকতার বিষয়ে তিনি বলেন, তথ্য বিকৃতি বা ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতিবাচক ফলাফলও গবেষণার গুরুত্বপূর্ণ অংশ, তাই সততার সঙ্গে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন এবং যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক।
এছাড়া বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহ্বায়ক ড. জান্নাতুল কাওসার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান এবং এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নেতৃবৃন্দ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী অন্নী আফরিন ও আরিফান নাহার অর্নি।
//ডিবিটেক/এনএইচ/এমআই//





