আইসিটিতে মাহফুজা আখতার, এনসিএসএ-তে আশরাফুল মোমিন  ও বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানিতে ইয়ামিন খান

আইসিটি বিভাগের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল, এখনও বহাল আলোচিত কয়েকজন

  • আইসিটি অধিদপ্তরে নতুন মহাপরিচালক, সাইবার নিরাপত্তা এজেন্সি ও ডাটা সেন্টার কোম্পানিতে নতুন নেতৃত্ব।
  • ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ।
  • কয়েকজন কর্মকর্তাকে বহাল রাখা নিয়ে প্রশাসনের একটি অংশে প্রশ্ন।

আইসিটি বিভাগের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল, এখনও বহাল আলোচিত কয়েকজন
২ জুলাই, ২০২৬ ০০:০৩  

দেশের ডিজিটাল গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা এবং সরকারি ডেটা অবকাঠামো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ জুলাই জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মহাপরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মাহফুজা আখতারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। তিনি ওই পদে সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. আশরাফুল মোমিন খানকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইয়ামিন খানকে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

ডিজি পদ হারালেও একাধিক দায়িত্বে সাইফুল

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সাইফুল ইসলামকে সরানো হলেও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, তিনি এখনো আইসিটি বিভাগের অধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। হাইটেকপার্ক কর্তৃক্ষে একইসঙ্গে তিনটি এবং আইসিটি বিভাগের প্রশাসন অধিশাখায় যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে আছেন। বিভাগের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বহাল থাকায় প্রশাসনিক সংস্কারের পরিধি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আলোচনায় সায়েম ইমরান

সাম্প্রতিক রদবদলের পরও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখা নিয়ে প্রশাসনের একটি অংশে আলোচনা চলছে। বিভাগসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরান এখনো একটি সংবেদনশীল প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। তাদের ভাষ্য, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় তার দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন তথ্য এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি অংশের মতে, আইসিটি বিভাগের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন প্রশাসনিক সংস্কারের ইতিবাচক পদক্ষেপ। তবে অভিযোগের মুখে থাকা কর্মকর্তাদের বিষয়ে স্বচ্ছ, নীতিনির্ভর ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সংস্কার আরও কার্যকর হবে। অচিরেই বিষয়টি আইসিটি বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।

//ডিবিটেক/ডিএইচই/এমআই//