অবসরে যাচ্ছেন ‘আধুনিক ইন্টারনেটের জনক’ ভিন্ট সার্ফ

অবসরে যাচ্ছেন ‘আধুনিক ইন্টারনেটের জনক’ ভিন্ট সার্ফ
২ জুলাই, ২০২৬ ১৭:২৮  

প্রযুক্তি ইতিহাসের অন্যতম প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী সপ্তাহে গুগল-এর ‘চিফ ইন্টারনেট ইভানজেলিস্ট’ বা প্রধান ইন্টারনেট প্রচারকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছেন ভিন্টন সার্ফ। এর মাধ্যমে প্রযুক্তি বিশ্বে দীর্ঘ ও গৌরবময় এক কর্মজীবনের ইতি টানছেন ৮৩ বছর বয়সী এই দূরদর্শী বিজ্ঞানী। গতকাল মঙ্গলবার রাতে ‘ওপেন ফ্রন্টিয়ার’ সম্মেলনে এক ভিডিও কনফারেন্সে যুক্ত থাকাকালে তাঁর এই অবসরের ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে কম্পিউটার প্রসেসর প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভ প্যাটারসন এই ঘোষণা দিয়ে বলেন, "ভিন্ট গত ২০ বছরেরও বেশি সময় ধরে গুগলে কর্মরত আছেন এবং আজ থেকে ঠিক এক সপ্তাহ পর তিনি অবসরে যাচ্ছেন। প্রযুক্তি বিশ্বে তাঁর এই অসামান্য অবদানের জন্য আমরা সবাই তাঁকে করতালি দিয়ে অভিবাদন জানাতে পারি।" এ সময় পুরো সম্মেলন কক্ষ করতালিতে মুখরিত হয়ে ওঠে।

ভিন্টন সার্ফ এবং তাঁর সহকর্মী রবার্ট কান-কে যৌথভাবে বর্তমান আধুনিক ইন্টারনেটের স্থপতি বা ‘ইন্টারনেটের জনক’ বলা হয়। ১৯৭০-এর দশকে তাঁরা দুজনে মিলে ‘টিসিপি/আইপি’ (TCP/IP) প্রোটোকল বা নিয়মাবলি তৈরি করেন, যা মূলত ভিন্ন ভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের মূল ভিত্তি। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ সম্মানজনক ‘টুরিং পুরস্কার’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সহ অসংখ্য আন্তর্জাতিক পুুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৫ সাল থেকে তিনি গুগলের উপ-সভাপতি ও প্রধান ইন্টারনেট প্রচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সম্মেলনে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভিন্ট সার্ফ। তিনি ভবিষ্যৎবাণী করেন যে, বর্তমানে এআই প্রযুক্তির বাজারে কয়েকটি নির্দিষ্ট বড় ল্যাব বা প্রতিষ্ঠানের যে একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে, স্বয়ংক্রিয় ‘এআই এজেন্ট’ বা সফটওয়্যারের উত্থানের ফলে তা আবার ভেঙে পড়বে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি একাধিক এআই এজেন্ট যখন একে অপরের সাথে কাজ করতে যাবে, তখন ইন্টারনেটের মতোই তাদের জন্য একটি সর্বজনীন ও নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা নিয়মাবলি তৈরি করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাধ্য হবে।

অনেক বিশেষজ্ঞ যেখানে মনে করছেন এআই এজেন্টগুলো মানুষের মতো সাধারণ ইংরেজি ভাষার মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সেখানে ভিন্নমত পোষণ করেছেন ভিন্ট সার্ফ। তিনি বলেন, "যোগাযোগের জন্য ইংরেজি কোনো সঠিক মাধ্যম হবে না। মানুষের ভাষায় নমনীয়তা থাকলেও অনেক অস্পষ্টতা থাকে। কিন্তু দুটি এআই এজেন্টের পারস্পরিক চুক্তির ক্ষেত্রে নিখুঁত ও সুনির্দিষ্ট ভাষা অত্যন্ত জরুরি। তা না হলে এটি কানাকানি খেলার মতো হয়ে যাবে, যেখানে প্রথম জনের বলা কথা ১০ নম্বর মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে সম্পূর্ণ বদলে যায়। এআই এজেন্টগুলো যদি মানুষের ভাষায় নিজেদের মধ্যে এভাবে ভুল বোঝাবুঝি তৈরি করে, তবে তা হবে অত্যন্ত ভয়ানক এক পরিস্থিতি।"

অনুষ্ঠানের একপর্যায়ে হাস্যোজ্জ্বল পরিবেশে অধ্যাপক প্যাটারসন তাঁর সদা-পোশাকসচেতন সহকর্মীর স্মৃতিচারণ করে বলেন, "১৯৭০-এর দশকে ছাত্রজীবন থেকেই ভিন্টকে আমি সবসময় স্যুট-টাই পরা অবস্থায় দেখেছি। আমার চেনা কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে তিনিই সবচেয়ে মার্জিত পোশাকধারী ব্যক্তি।" জবাবে ভিন্ট সার্ফ হেসে বলেন, "কথাটি একদম সত্যি। তখন সহপাঠী সবার যেখানে লম্বা চুল থাকত, সেখানে আমি একটু ভিন্নভাবে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে পছন্দ করতাম। আর এই ভিন্নতা প্রকাশের জন্যই আমি সবসময় পরিপাটি পোশাক বেছে নিয়েছিলাম।"

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ