ক্রিপ্টো ব্যবসা বন্ধ করায় নাইকের বিরুদ্ধে মামলা

ক্রিপ্টো ব্যবসা বন্ধ করায় নাইকের বিরুদ্ধে মামলা
২৬ এপ্রিল, ২০২৫ ১৩:৪৭  
২৬ এপ্রিল, ২০২৫ ১২:৪৭  

নাইকের ক্রিপ্টো সম্পদ ও এনএফটি ক্রেতারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে একটি প্রস্তাবিত শ্রেণিমূলক মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নাইকের মালিকানাধীন আরটিএফকেট ইউনিট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। খবর রয়টার্স।

মামলার প্রধান বাদী অস্ট্রেলিয়ার বাসিন্দা জগদীপ চিমা বলেন, যদি ক্রেতারা জানতেন যে এসব টোকেন অনিবন্ধিত সিকিউরিটি এবং নাইক তাদের প্রকল্প বন্ধ করে দেবে, তবে তারা উচ্চমূল্যে এসব এনএফটি কিনতেন না। 

নাইক ২০২১ সালে আরটিএফকেট অধিগ্রহণ করে এবং ২০২৪ সালের ডিসেম্বরে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করে। মামলায় নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও ওরেগনের ভোক্তা সুরক্ষা আইনের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং পাঁচ মিলিয়নেরও বেশি ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

নাইকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্রিপ্টো সম্পদের আইনি অবস্থান বর্তমানে অনিশ্চিত, ফলে এই মামলা ভবিষ্যতে এনএফটির আইনি স্বীকৃতি ও কর্পোরেট দায়বদ্ধতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি