চুয়েটে পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্থকতা: চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পরিবেশ সচেতন হতে হবে। পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে তিনি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগ-সহনশীল নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্থকতা: চুয়েট উপাচার্য
২৯ জুন, ২০২৬ ২২:৪৯  
৩০ জুন, ২০২৬ ২৩:৪৬  

বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত সংকটের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় উন্নয়ন হতে হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব। অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তা ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষা করবে।

২৯ জুন, সোমবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ২০ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া এসব কথা বলেন।

উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু রাস্তা, সেতু বা ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন স্মার্ট সিটি, জলবায়ু সহনশীল অবকাঠামো, গ্রিন বিল্ডিং, নবায়নযোগ্য জ্বালানি সংযুক্ত অবকাঠামো, দুর্যোগ-সহনশীল নগর পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই একজন আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পরিবেশ সচেতনতা, নৈতিকতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হতে হবে।”

চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ।

পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের ছাত্র দেবজিত দাশ গুপ্ত এবং ২২ ব্যাচের ছাত্রী ফাহিম নুজহাত জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে বিদায় অনুষ্ঠান উপলক্ষে পুরকৌশল বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

//ডিবিটেক/ এআইএম/ ইকে//