বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবাদ ও তথ্য বিনিময়ের চুক্তি সম্পন্ন

প্রযুক্তির ব্যবহারসহ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমসমূহের সাথে বাংলাদেশের ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সাথে সংবাদ, প্রযুক্তি ও তথ্য বিনিময়ের লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

প্রযুক্তির ব্যবহারসহ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমসমূহের সাথে বাংলাদেশের ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ২১:১৫  

গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে চীনের শীর্ষ রাষ্ট্রীয় গণমাধ্যমসমূহের সাথে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর প্রধানদের সাথে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে এই সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের এক নতুন ভিত্তি রচিত হলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদল আগামীকাল ২৬ জুন রাতে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

//ডিবিটেক/আইএইচআই/এমইউআইএম//