বিনামূল্যে স্ট্রিমিং ও ভুয়া বেটিং সাইটের মাধ্যমে ৩৩৬টি প্রতারক ডোমেইন শনাক্ত

ফুটবল বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার অপরাধীরা

চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া স্ট্রিমিং, বেটিং ও ফিশিং ই-মেইলের মাধ্যমে ফুটবলপ্রেমীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির চেষ্টা বাড়ছে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি।

ফুটবল বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার অপরাধীরা
২৪ জুন, ২০২৬ ১১:৪৬  

চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অনলাইন প্রতারকদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি এক সতর্কবার্তায় জানিয়েছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং ও ম্যাচের পূর্বাভাস দেওয়ার নাম করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বড় ধরনের প্রতারণার চেষ্টা চলছে।

গত ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দিয়ে নিবন্ধন করানো হচ্ছে এবং পরবর্তীতে ‘লাইফটাইম টুর্নামেন্ট অ্যাক্সেস’-এর অজুহাতে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

এতে ফুটবলপ্রেমীরা আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরির মারাত্মক ঝুঁকিতে পড়ছেন।

​প্রতারকরা ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাসের সাইট খুলে ব্যবহারকারীদের নাম, ই-মেইল ও ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে, যা পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাকের কাজে ব্যবহৃত হতে পারে। ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা জানান, স্ক্যামাররা বিভিন্ন ভাষায় ভুয়া স্ট্রিমিং সেবা চালু করে ফিশিং ই-মেইল পাঠাচ্ছে।

কোনো কোনো ক্ষেত্রে তথাকথিত বিশেষ ম্যাচ বিশ্লেষণের নাম করে ২০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত দাবি করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ক্যাসপারস্কি ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল (URL) ও বানান ভালোভাবে যাচাই করার, শুধুমাত্র বিশ্বস্ত অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করার এবং অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু রাখার পরামর্শ দিয়েছে।

​//ডিবিটেক/এসএস/ইকে//