দাবায় এশিয়ার সেরা বাংলাদেশের মাকিল

দাবায় এশিয়ার সেরা বাংলাদেশের মাকিল
৫ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৮  
৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৯  

অংক আর মেধার খেলা দাবা। এই খেলায় এবারে এশিয়ায় চমক দেখিয়েছে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫–এ বাংলাদেশের হয়ে আন্ডার-১৪ (U-14) বিভাগে অংশগ্রহণ করে দেশকে গৌরব এনে দিয়েছেন কনিষ্ঠ দাবাড়ু খন্দকার মাহরুস মাকিল।

প্রতিযোগিতায় মোট ৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে সেরাদের সেরা হয়েছে সে। বৈশ্বিক এই আসরে মাকিল বাংলাদেশের অফিশিয়াল প্লেয়ার হিসেবে প্রতিনিধিত্ব করেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ২৭তম এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫–বাংলাদেশের হয়ে ওপেন অনূর্ধ্ব–১৪ (U14) বিভাগে প্রতিযোগিতা করেন মাকিল। এই বিভাগে মোট ৭৩ জন খেলোয়াড় অংশ নেন। প্রাথমিক র‍্যাংকিংয়ে তিনি ৩৫ নম্বর পজিশনে থেকে প্রতিযোগিতা শুরু করেন।

৯ রাউন্ডের স্ট্যান্ডার্ড ইভেন্টে মাহরুস মাকিল মোট ৩.৫ পয়েন্ট অর্জন করেন। তিনি প্রতিযোগিতায় বেশ কয়েকটি শক্তিশালী দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে দুইটি জয় ও তিনটি ড্র করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি কনিষ্ঠ দাবাড়ুদের মধ্যে উল্লেখযোগ্য মনোযোগ কেড়েছেন।

এশিয়ান চেস ফেডারেশনের আয়োজনে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়ার ৩৩টি দেশের প্রায় ৭০০ খেলোয়াড় অংশ নেয়।

মাকিল এর আগে জাতীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন রানার-আপ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে খেলার যোগ্যতা অর্জন করেন। তার দৃঢ় পারফরম্যান্স ও ধারাবাহিক অগ্রগতি তাকে দেশের সেরা সম্ভাবনাময় তরুণ দাবাড়ুদের একজন হিসেবে প্রমাণ করেছে।

মাকিল পড়াশোনা করছেন বিএএফ শাহীন কলেজ ঢাকা, জাহাঙ্গীর গেট–এর অষ্টম শ্রেণিতে। স্কুলে তার সাফল্যও অনন্য—মার্কস অ্যাক্টিভ স্কুল চ্যাম্পিয়নশিপ ২০২২–এ তিনি বেস্ট বোর্ড প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। একই প্রতিযোগিতায় শাহীন কলেজ ঢাকা দল ঢাকা জোন ৪–এ চ্যাম্পিয়ন হয়।

এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে তার মনোযোগ, কৌশল এবং দৃঢ়তা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। পরিবার, কোচ এবং শিক্ষকেরা বিশ্বাস করেন—এই অভিজ্ঞতা সামনে তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মাকিলের বাবা-মা খন্দকার মামুনুর রহমান ও মা রাফিয়া আকতার। তার বাবা মামুন জানান, এশিয়ান কনিষ্ঠ দাবা প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। মাকিলের এই অংশগ্রহণ দেশের কনিষ্ঠ দাবা অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/এসএইচ/ইকে