ওয়েবে গেম খেলার সুযোগ আনছে ক্যারেক্টার এআই
ব্যবহারকারীদের বিভিন্ন এআই-চালিত চরিত্রের সঙ্গে চ্যাট করার সুযোগ দেয়া জনপ্রিয় এই স্টার্টআপ ক্যারেক্টার এআই, এবার তাদের ডেস্কটপ ও মোবাইল ওয়েব অ্যাপে গেম খেলার ফিচার পরীক্ষা করছে। খবর টেকক্রাঞ্চ।
এই গেমগুলো বর্তমানে শুধু পেইড সাবস্ক্রাইবার এবং কিছু নির্দিষ্ট ফ্রি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। প্রাথমিক পর্যায়ে তারা দুটি গেম চালু করেছে: স্পিকইজি এবং ওয়ার অব ওয়ার্ডস।
গেম খেলার জন্য ব্যবহারকারীরা যেকোনো চরিত্রের সঙ্গে চ্যাট স্ক্রিনে গিয়ে নতুন কন্ট্রোলার আইকন চাপতে পারবেন। গেম শুরু করার আগে পুরোনো কথোপকথন অপরিবর্তিত রাখতে নতুন একটি চ্যাট শুরু করতে বলা হবে।
স্পিকইজি গেমে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট শব্দ বলানোর জন্য চেষ্টা করতে হবে, তবে পাঁচটি নিষিদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। অন্যদিকে, ওয়ার অব ওয়ার্ডস গেমে চরিত্রের সঙ্গে ডুয়েল করতে হবে এবং পাঁচ রাউন্ডে এআই রেফারি বিজয়ী নির্ধারণ করবে।
কোম্পানির মুখপাত্র বলেন, “আমাদের লক্ষ্য ক্যারেক্টার এআই-কে আরও বেশি বিনোদনমূলক করা। এই ফিচার ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।”
গত বছর কিশোরদের জন্য সুরক্ষা ফিচার যুক্ত করার পর এবার এই গেম ফিচার চালু করেছে ক্যারেক্টার এআই। ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আরও সময় ব্যয় করানোর লক্ষ্যে ইউটিউব ও নেটফ্লিক্সের মতো পথে হাঁটছে স্টার্টআপটি।







