ওপেনএআইয়ের সাথে আইবিএমের জোট

ওপেনএআইয়ের সাথে আইবিএমের জোট
২৩ জুন, ২০২৬ ১৯:৫৯  

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হুমকি ও জটিল সব জালিয়াতি রুখতে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাথে একটি বড় ধরনের কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট আইবিএম। এই চুক্তির আওতায় বড় বড় করপোরেট প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সর্বাধুনিক ফ্রন্টিয়ার এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। সোমবার (২২ জুন) এই ঘোষণার পর পুঁজিবাজারে আইবিএম-এর শেয়ারের দাম ৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইবিএম আনুষ্ঠানিকভাবে ওপেনএআই-এর বিশেষায়িত ‘ডেব্রেক সাইবার পার্টনার প্রোগ্রাম’-এ যোগ দিয়েছে। এর মাধ্যমে আইবিএম-এর কনসালট্যান্ট ও প্রকৌশলীরা ওপেনএআই-এর সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর কোড ও সিকিউরিটি টুলের সরাসরি অ্যাক্সেস পাবেন। এই উন্নত এআই ক্ষমতাগুলো বড় বড় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত করা হবে, যা সাইবার ঝুঁকিগুলো সাধারণ সিস্টেমের চেয়ে অনেক দ্রুত সনাক্ত ও প্রতিরোধ করতে পারবে।

এই অংশীদারিত্বের প্রথম বড় পদক্ষেপ হিসেবে আইবিএম একটি নতুন ‘অ্যাপ্লিকেশন সিকিউরিটি সার্ভিস’ বা সফটওয়্যার নিরাপত্তা সেবা চালু করেছে। ওপেনএআই-এর সাইবার সিকিউরিটি অ্যালগরিদম ব্যবহার করে তৈরি এই সেবাটি যেকোনো প্রতিষ্ঠানের ব্যবহৃত সফটওয়্যারের দুর্বলতা বা লুপহোল অত্যন্ত নিখুঁত ও দ্রুততার সাথে খুঁজে বের করতে এবং তা যাচাই করতে সক্ষম।

আইবিএম-এর এই নতুন সিকিউরিটি সার্ভিসটি মূলত তাদের নিজস্ব উদ্যোগ ‘প্রজেক্ট লাইটওয়েল’-এর ওপর ভিত্তি করে তৈরি। গত মাসে আইবিএম এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান রেড হ্যাট যৌথভাবে ৫ বিলিয়ন (৫০০ কোটি) মার্কিন ডলারের বিশাল তহবিল নিয়ে এই প্রজেক্টটি চালু করে। এর মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ব্যবহৃত ওপেন সোর্স সফটওয়্যারগুলোর কোড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা এবং সেগুলোর নিরাপত্তা ত্রুটি সংশোধন করা। এখন থেকে প্রজেক্ট লাইটওয়েলে অন্যান্য এআই মডেলের পাশাপাশি ওপেনএআই-এর ফ্রন্টিয়ার মডেলগুলো কোড রিভিউ এবং স্বয়ংক্রিয় ত্রুটি সংশোধনের কাজে সরাসরি ব্যবহার করা হবে।

আইবিএম কনসাল্টিংয়ের সাইবার সিকিউরিটি সার্ভিসের গ্লোবাল ম্যানেজিং পার্টনার মার্ক হিউজ এই চুক্তি প্রসঙ্গে বলেন, “ওপেনএআই-এর ডেব্রেক সাইবার পার্টনার প্রোগ্রাম আমাদের আরও ব্যাপক ও উন্নত এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ এনে দিয়েছে। এই প্রযুক্তি আমরা আমাদের গ্রাহকদের সিস্টেমে সফলভাবে স্থাপন করছি, যা সবচেয়ে জটিল সাইবার ঝুঁকিগুলোও চোখের পলকে সামনে নিয়ে আসবে এবং আত্মবিশ্বাসের সাথে তা মোকাবিলা করতে সাহায্য করবে।”

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, জেনারেটিভ এআই-এর সহায়তায় হ্যাকাররা যখন দিন দিন আরও জটিল ও শক্তিশালী সাইবার হামলা চালাচ্ছে, তখন আইবিএম-এর মতো প্রতিষ্ঠিত সিকিউরিটি প্রোভাইডার এবং ওপেনএআই-এর মতো অগ্রগামী এআই স্টার্টআপের এই জোট করপোরেট দুনিয়ার নিরাপত্তা সুরক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স