নজরদারির অভিযোগে ৬৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে গুগল

নজরদারির অভিযোগে ৬৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে গুগল
২৭ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৯  

ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ব্যবহারকারীদের অজান্তে কথোপকথন রেকর্ড ও নজরদারির অভিযোগ নিষ্পত্তিতে ৬৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে গুগল। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি শ্রেণি-মামলার সমঝোতার অংশ হিসেবে এই অর্থ পরিশোধে রাজি হয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি, যদিও অভিযোগে কোনো ধরনের অনিয়মের কথা গুগল স্বীকার করেনি।

মামলায় অভিযোগে বলা হয়, গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর সম্মতি ছাড়া গোপন কথোপকথন রেকর্ড করেছে এবং সেই তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠিয়েছে, যার মধ্যে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর বিষয়ও ছিল। 

মামলার মূল আলোচ্য ছিল তথাকথিত ‘ফলস অ্যাকসেপ্ট’—যেখানে ওয়েক শব্দ না বললেও অ্যাসিস্ট্যান্ট সক্রিয় হয়ে রেকর্ডিং শুরু করে বলে অভিযোগ।

ব্যবহারকারীদের ডিভাইস দিয়ে অযথা নজরদারির আশঙ্কা যুক্তরাষ্ট্রে বহুদিনের। এর আগে ২০২১ সালে একই ধরনের অভিযোগে সিরি নিয়ে করা মামলার নিষ্পত্তিতে ৯৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল অ্যাপল। 

সাম্প্রতিক বছরগুলোতে তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে; গত বছর টেক্সাস অঙ্গরাজ্যের সঙ্গে এমন দুই মামলার নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি ১ দশমিক ৪ বিলিয়ন ডলার দেয়।

ডিবিটেক/বিএমটি