নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি
গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা কাজ করছে ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তরের বিশেষায়িত ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে গঠিত বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।
প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত করে সরকারের পক্ষ থেকে সত্যতা যাচাইয়ের পর ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।
তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলোও নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে অপপ্রচার, ভুয়া তথ্য এবং সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
সংসদ সদস্য মো. আবদুল মান্নান তার প্রশ্নে জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে কি না।
অধিবেশনে আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যম খাতের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি পাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, বর্তমানে সারাদেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে ৮৪৩টি। এছাড়া নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে ২৮২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল।
বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এ অংশে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
//ডিবিটেক/জেএন/ইকে//





