সরকারি খরচে হজ যাত্রা ও ইসলামিক ফাউন্ডেশন হাসপাতালে দীর্ঘদিনের কর্মীদের বদলিতে নীতিমালার তাগিদ

মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির

  • দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ে নীতিমালা প্রণয়ন ও রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে
  • সরকারি খরচে হজে যাওয়ার সুযোগের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে কমিটি
  • ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরতদের দ্রুত বদলির সিদ্ধান্ত বাস্তবায়নের সুপারিশ

মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির
৬ অক্টোবর, ২০২৬ ১৯:৪৫  

দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে রুফটপ সৌরবিদ্যুৎ (Rooftop Solar) প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ৬ অক্টোবর, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সুপারিশসহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এবং বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে কমিটি দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং বিকল্প শক্তি হিসেবে সৌরবিদ্যুৎ চালুর কথা তুলে ধরে।

এছাড়া সরকারি খরচে হজে গমনকারীদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত ডাক্তার ও কর্মচারীদের দ্রুত বদলির নির্দেশ দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 //ডিবিটেক/জেএনও/এসএমপি/বিপিও//