স্টোরেজ সংকট কাটিয়ে পুনরায় চালু; দ্রুত তথ্য ইনপুটে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ
১১ দিন পর সচল এমপিও শিক্ষক বদলি সফটওয়্যার
১১ দিন বন্ধ থাকার পর এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যার আবার চালু হয়েছে। অতিরিক্ত চাপ ও অপর্যাপ্ত স্টোরেজ সক্ষমতার কারণে বন্ধ থাকা প্ল্যাটফর্মে তথ্য ইনপুট দ্রুত সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাউশি।
দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আবারও সচল হয়েছে। ২১ জুন) থেকে সফটওয়্যারটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান প্রধান এখনো শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট দিতে পারেননি, তাদের দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে। তথ্য ইনপুটে গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
জানা গেছে, গত ১ জুন থেকে শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তথ্য ইনপুটের কাজ শুরু হয় এবং ৯ জুন পর্যন্ত তা স্বাভাবিকভাবে চললেও ১০ জুন থেকে সফটওয়্যারটির কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে মাউশি জানায়, একই সময়ে প্রায় এক লাখ ব্যবহারকারীর প্রবেশের চাপ পড়ায় সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। সমস্যা সমাধানে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সফটওয়্যার পরিচালনায় প্রায় ৭ হাজার ১৬৮ জিবি স্টোরেজ প্রয়োজন হলেও শুরুতে মাত্র ২০০ জিবি স্টোরেজ বরাদ্দ ছিল। এই সীমাবদ্ধতার কারণেই সার্ভার চাপ সামাল দিতে পারেনি এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে প্রয়োজনীয় স্টোরেজ বাড়ানোর মাধ্যমে সফটওয়্যারটি পুনরায় চালু করা হয়েছে।
এর আগে গত ১৬ জুন মাউশি মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছিলেন, সফটওয়্যার পরিচালনায় প্রায় ৭ টেরাবাইট স্টোরেজ প্রয়োজন হলেও প্রাথমিকভাবে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় জটিলতা তৈরি হয়েছিল। পরে তা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টদের আশা, নতুন সক্ষমতা যুক্ত হওয়ায় শিক্ষক বদলি কার্যক্রম আরও স্থিতিশীল ও নির্বিঘ্নভাবে পরিচালনা করা সম্ভব হবে।
//ডিবিটেক/টিসি/এসআই//





