এআই নিয়ে প্রথম বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত

এআই নিয়ে প্রথম বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত
২৬ জুন, ২০২৫ ২১:৫১  
২৬ জুন, ২০২৫ ২৩:৫৪  

রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৬ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো  ‘এআই ডিকোডেড: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে বিজ্ঞান বক্তৃতা। মূল আলোচনার পর  প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের এআই কি ভবিষ্যতে সবকিছু ধ্বংস করে দেবে? এআইয়ের কারণে মানুষের চাকরি চলে যাবে? বাংলাদেশে এআই গবেষণার অগ্রগতি কতটা হয়েছে? কীভাবে এআই নিয়ে কাজ করা শুরু করব? ইত্যাদি প্রশ্নের জবাব দেন প্রধান দুই বক্তা অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং মোহাম্মদ অলি আহাদ।

উত্তরপর্ব শেষ হতেই উপস্থিত দর্শকদের জন্য শুরু হয় কুইজ প্রতিযোগিতা। সঠিক উত্তরদাতাদের জন্য ছিল বিজ্ঞানচিন্তার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মোট ১১ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অতিথি বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, বিজ্ঞান বক্তা আসিফ প্রমুখ।

এর আগে বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে মূলবক্তব্যে এআই কীভাবে কাজ করে, কীভাবে আমরা এআই ব্যবহার করতে পারি, এআই আমাদের কীভাবে সাহায্য করতে পারে, কোথা থেকে আমরা বিনামূল্যে এআই শিখতে পারি  ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ এআই অলিম্পিয়াড টিমের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

তিনি বলেন ‘প্রথমবারের মতো আমরা একটা কৃত্রিম জিনিস দেখতে পেলাম যেটা ভালো। এটা সবাই ব্যবহার করতে পারেন। আমরা যেভাবে শিখি, এআইও শেখে সেভাবেই। মানুষের মতো এটিও ভুল থেকে শেখে।’   

তথাপি আজাদের সঞ্চালনায় ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড ও ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ বলেন, ‘আমাদের সামনে নতুন এক পৃথিবী অপেক্ষা করছে। এআইয়ের খাতা এখন শূন্য। এখনই সময় সেখানে নিজেদের নাম লেখানোর। প্রত্যেকে নিজের জায়গা থেকে এটা শুরু করতে পারেন। আগে সেসব কাজ শুধু বড় প্রতিষ্ঠান করত, সেগুলো এখন আপনারাও করতে পারবেন।’