নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় কাজের জন্য নতুন ফিচার আনল চ্যাটজিপিটি

নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় কাজের জন্য নতুন ফিচার আনল চ্যাটজিপিটি
১৮ জুন, ২০২৬ ২০:৫১  
১৮ জুন, ২০২৬ ১২:১৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি-তে যুক্ত হলো আগাম কাজ নির্ধারণ বা শিডিউলিং করার নতুন সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-কে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিতে পারবেন। এই সুবিধাগুলো সহজে পরিচালনা করার জন্য অ্যাপটিতে একটি বিশেষ হাব বা কেন্দ্রীয় পেজ যুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

বুধবার (১৭ জুন) এক ঘোষণায় ওপেনএআই জানায়, চ্যাটজিপিটি-র সাইডবারে এখন থেকে ‘শিডিউলড’ বা নির্ধারিত কাজের একটি নতুন শর্টকাট বোতাম দেখা যাবে। এই পাতায় প্রবেশ করে ব্যবহারকারীরা তাঁদের সেট করা সচল কাজগুলো দেখতে পারবেন এবং সেগুলো কখন চালু হবে, তাও জানতে পারবেন। প্রয়োজনে যেকোনো আগাম কাজের অনুরোধ সাময়িকভাবে বন্ধ, সংশোধন কিংবা পুরোপুরি মুছে ফেলার সুযোগও থাকছে।

নতুন এই হালনাগাদের ফলে চ্যাটজিপিটি-কে সুনির্দিষ্ট কোনো সময়ে (যেমন: সকাল ১০টা) অথবা দিনের যেকোনো অংশে (যেমন: সকালে বা বিকেলে) কাজ করার নির্দেশ দেওয়া যাবে। ওপেনএআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে নির্দিষ্ট তথ্য অনুসন্ধান বা যুক্ত থাকা অ্যাপগুলো পর্যবেক্ষণ করতে সক্ষম।

আপাতত চ্যাটজিপিটি প্লাস, প্রো, বিজনেস এবং এন্টারপ্রাইজ—এই পেইড বা প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা নতুন এই সুবিধা পাবেন। তবে সাধারণ বা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা কবে নাগাদ এই সুবিধা পাবেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটি স্পষ্ট কিছু জানায়নি।

পাশাপাশি, গত বছর চালু হওয়া দৈনিক সংক্ষিপ্ত সংবাদ বা সামারি দেওয়ার ফিচার ‘পালস’ বন্ধ করার ঘোষণা দিয়েছে ওপেনএআই। আগামী ১৪ দিন পর্যন্ত প্রো ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। এরপর থেকে এই নতুন শিডিউলিং হাব ব্যবহার করেই ব্যবহারকারীদের নিজেদের মতো করে দৈনিক সারসংক্ষেপ তৈরি করে নিতে হবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র:এনগ্যাজেট