পতেঙ্গায় ১০.৫২ লাখ টাকার ইলেকট্রনিকস পণ্য জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকার ইলেকট্রনিকস সামগ্রীসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ ইলেকট্রনিকস সামগ্রীসহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাটে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস সামগ্রী খালাস করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন, বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি), চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয় এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
//ডিবিটেক/এসআই/ইকে//





