এআইয়ের ধাক্কায় বাড়তে পারে আইফোনের দাম
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার চললেও, এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত চাহিদার কারণে বিশ্ববাজারে মেমোরি চিপের তীব্র সংকট দেখা দিয়েছে, যাকে প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘র্যামাগেডন’ বলে আখ্যা দিয়েছেন। আর এই সংকটের কারণে আগামী দিনে আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে সতর্ক করেছেন অ্যাপলের বিদায়ী প্রধান নির্বাহী (সিইও) টিম কুক।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক জানান, গত বছরের তুলনায় চিপের উৎপাদন ও সরবরাহ খরচ প্রায় চার গুণ বেড়েছে। কোম্পানির পক্ষ থেকে এই বাড়তি খরচ সামাল দেওয়ার চেষ্টা করা হলেও পণ্যের দাম বাড়ানো এখন ‘অনিবার্য’ হয়ে পড়েছে। বর্তমান এই পরিস্থিতিকে ‘অস্থির ও টেকসই নয়’ বলেও বর্ণনা করেন তিনি।
টিম কুক সুনির্দিষ্টভাবে কোনো পণ্যের নাম বা দাম বাড়ার তারিখ উল্লেখ না করলেও বাজার বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় ধাক্কাটি আসতে পারে আইফোনের ওপর। সাধারণত প্রতিবছর সেপ্টেম্বর মাসে অ্যাপল তাদের নতুন আইফোন বাজারে ছাড়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই দাম বৃদ্ধির এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গবেষণা প্রতিষ্ঠান ‘টেকইনসাইটস’-এর মতে, কোম্পানির মুনাফার হার ঠিক রাখতে হলে পরবর্তী আইফোন প্রো মডেলটির দাম বর্তমান মূল্যের চেয়ে অন্তত ২৭০ মার্কিন ডলার পর্যন্ত বাড়াতে হতে পারে। বর্তমানে আইফোন ১৭ প্রো মডেলটির বাজারমূল্য শুরু হয় ১ হাজার ৯৯ মার্কিন ডলার থেকে।
শুধু আইফোনই নয়, অ্যাপল ওয়াচ, ম্যাকবুক, আইপ্যাড এবং অ্যাপল ভিশন প্রো-র মতো মেমোরি (ডির্যাম) ও স্টোরেজ (ন্যান্ড) চিপ ব্যবহার করা প্রতিটি ডিভাইসের দামই এই সিদ্ধান্তের কারণে বাড়তে পারে।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’-সহ বিভিন্ন ডিভাইসে অন-ডিভাইস বা নিজস্ব প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দেওয়া হয়। তবে ডিভাইসের ভেতরেই এআই প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য আরও শক্তিশালী মেমোরি চিপের প্রয়োজন হবে। ফলে চিপের এই অগ্নিমূল্যের বাজারে শেষ পর্যন্ত বাড়তি খরচের পুরো দায় সাধারণ গ্রাহকদের পকেট থেকেই মেটাতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





