অনলাইনে ভোটার তালিকা হালনাগাদ করতে চায় ইসি

অনলাইনে ভোটার তালিকা হালনাগাদ করতে চায় ইসি
৮ অক্টোবর, ২০২৫ ০০:৩২  

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করার বিধান তুলে দিয়ে অনলাইনে নিবন্ধন কার্যক্রমকে আরও বেগবান করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক সংলাপ এমন পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার মনে করেন, ভোটার নিবন্ধন ৩৬৫ দিন চালু থাকে। বছরের যেকোনো সময় ১৮ বছর হলে তিনি ভোটার হতে পারবেন। শুধু বায়োমেট্রিক দেওয়ার জন্য তাকে যেতে হয় সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে। ভোটার তালিকা হালনাগাদ যে শুধু বাড়ি বাড়ি গেল করতে হবে বিষয়টি তা নয়। 

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম না করার কারণ তুলে ধরে তিনি বলেন, বাস্তবতার নীরিক্ষে দেখলাম অনেক জায়গায় আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। বহুতল ভবনের নিচে থেকে পাঠিয়ে দেয়। সুতরাং আমাদের এ সীমাবদ্ধতা গুলো আছে এবং এলাকায় দুইবার তিনবার মাইকিং করার পরও আমাদের শ্রমজীবী মানুষদের পাওয়া যায় না, তাদের পক্ষে সম্ভব না ওইভাবে থাকা। তাই আমি মনে করি এখন যে বিধানটা (অনলাইনে নিবন্ধন) আছে এটাই থাকা উচিত। যেকোনো সময় যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবে। এরজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে তারা এটা করতে পারেন।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, পার্বত্য চট্টগ্রামে আগে মোবাইল নেটওয়ার্কের আওতায় ছিল না। এখন তা আছে। কোনো একটা জায়গাতে যেখানে নেটওয়ার্কের ক্যাভারেজ আছে সেখানে গিয়ে নিবন্ধন কার্যক্রমটা সম্পাদন করতে পারে। পাশাপাশি অনেক কম্পিউটারের দোকানও (অনলাইন সেবা প্রদান করে) এ সেবা দেয় সেখানেও করতে পারবে। আবার সরকার একটা ছাতার নিচে সকল সেবা পাওয়া যাবে এমন পদ্ধতি আনার চেষ্টা করছে। আমাদের নির্বাচন অফিসগুলোতে এ সেবা তো আছেই পাশাপাশি ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে এ কার্যক্রম শুরু করা যায় তাহলে সহজ হয়ে যাবে এটা।