কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বুথ বসানোর নির্দেশ
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জারি করা সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে একজন করে সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ এবং তাদের তথ্য ১৭ মে’র মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। ই-মেইলে ওই কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর দিতে ১০ মে, রবিবার একটি সার্কুলার দেয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর অনুমোদিত পশুর হাটগুলোতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে জাল নোট যাচাই সেবা চালু রাখতে হবে। ঢাকার বাইরে কোন হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস। আর যেসব জেলায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা নেই, সেখানে দায়িত্ব বণ্টন করবে সোনালী ব্যাংক।
সার্কুলারে রাজধানীর বিভিন্ন পশুর হাটে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকের তালিকাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। গাবতলী, মিরপুর, কালশী, উত্তরা, খিলক্ষেত, মহাখালী, সারুলিয়া, পোস্তগোলা ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো বুথ পরিচালনা করবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ডিবিটেক/এসএ/ইকে



