প্রতারণা এড়াতে সতর্ক করলো মন্ত্রণালয়

অনলাইনে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন সম্পন্নের তাগিদ

অনলাইনে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন সম্পন্নের তাগিদ
১০ মে, ২০২৬ ১৩:৩৬  

মানবপাচার ও ভ্রমণসংক্রান্ত প্রতারণা রোধে নিবন্ধিত ও বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও নবায়ন কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।

১০ মে, রবিবার বাংলাদেশ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাধ্যতামূলক। এ জন্য বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনে নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হয়।

মন্ত্রণালয় জানায়, নিবন্ধন কিংবা নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা বেআইনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও অথবা নিবন্ধন ছাড়াই ট্রাভেল এজেন্সি পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সঙ্গে আকাশপথে ভ্রমণ, টিকিট ক্রয় কিংবা ট্যুর প্যাকেজ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ট্রাভেল এজেন্সি নিবন্ধিত কি না বা তাদের লাইসেন্সের মেয়াদ বৈধ আছে কি না, তা টিকিট বা ট্যুর প্যাকেজ কেনার আগে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যাচাই করে নেওয়া উচিত। এতে ভ্রমণকারীরা আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পাবেন।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি মানবপাচারের সঙ্গে জড়িত একটি এজেন্সি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এজেন্সিটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস’, যা ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নয়। যাচাইয়ে দেখা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’-এর ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিল শেষ হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত “রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশী” শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। পরে সম্প্রতি “রাশিয়ায় মানব পাচার: বাংলাদেশের ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরেও এ বিষয়ে নতুন করে সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

ডিবিটেক/এসএম/এমইউএম