গোপালগঞ্জের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

গোপালগঞ্জের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা
১০ মে, ২০২৬ ১২:৪৬  

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে, রবিবার রাজধানীর স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

সভায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা তুলে ধরে প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় সচিব মো. শহীদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত চ্যালেঞ্জ তুলে ধরা হয়। আলোচনার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেন সচিব।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, এলজিইডি গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা।

ডিবিটেক/এআইএফ/এমআই